নিউজ ডেস্ক: ফের বামেদের সভায় হামলার অভিযোগ। বৃহস্পতিবার কৃষকদের দাবি-দাওয়া নিয়ে আয়োজিত রাজনৈতিক সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের বাদামতলা এলাকায়। সংযুক্ত কিসান মোর্চার কর্মসূচিতে বাধা দেওয়া এবং সভায় উপস্থিত নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। রীতিমতো তাণ্ডব চালানো হয় সভাস্থলে। ঘটনায় সংযুক্ত কিসান মোর্চার রাজ্য আহ্বায়ক অমল হালদার-সহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।
বামেদের দাবি, পরিকল্পিতভাবে তাঁদের সভায় হামলা চালানো হয়েছে। সভাস্থলে থাকা আসবাবপত্রও ভাঙচুর করা হয় বলে দাবি করেছেন আয়োজকরা। তাঁদের বক্তব্য, কৃষকদের বিভিন্ন সমস্যা ও তাঁদের অধিকার নিয়ে আলোচনা করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। প্রশাসনের অনুমতি নিয়েই সভা চলছিল। অভিযোগ, সেই সময় একদল লোক সেখানে ঢুকে অশান্তি শুরু করে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
সভায় উপস্থিত কর্মীদের লক্ষ্য করে চেয়ার ছোড়া হয় এবং লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।
আহত অমল হালদারও হামলার শিকার হয়েছেন বলে দাবি বামেদের। ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, সভার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের থাকলেও হামলা আটকানো যায়নি। এমনকি বক্তৃতা চলাকালীন চেয়ার দিয়ে হামলা চালানো হয় বাম নেতা অমল হালদারের উপর। চেয়ার দিয়ে বারংবার আঘাত করা হয়। ঘটনায় অমল হালদারের মাথা ফেটে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
তবে বামেদের তোলা অভিযোগ মানতে নারাজ বিজেপি। পাল্টা দাবি করে গেরুয়া শিবিরের বক্তব্য, সংবিধান দিবস উপলক্ষে তাঁদের কর্মসূচি চলাকালীন বাম কর্মীরাই অশান্তি তৈরি করেন। তবে ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত, কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। বাদামতলার এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমানের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।




