নিউজ ডেস্ক: প্যাকেটজাত খাবারের মোড়কে পুষ্টিগুণ সংক্রান্ত তথ্য আরও স্পষ্ট করতে কেন্দ্রীয় সরকারকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, প্যাকেটের সামনের অংশে অতিরিক্ত লবণ, চিনি এবং চর্বির জন্য আলাদা আলাদা ষড়ভুজাকৃতির সতর্কবার্তা বা ‘ওয়ার্নিং লেবেল’ রাখতে হবে। দেশের ১০০ বিলিয়ন ডলারের খাদ্য ও পানীয় শিল্পে এই রায়ের বড়সড় প্রভাব পড়তে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে পেপসিকো, কোকাকোলা, মন্ডেলেজ এবং নেসলের মতো বহুজাতিক সংস্থাগুলিকে এবার থেকে আরও কঠোর নিয়মকানুনের মুখে পড়তে হবে।
এর আগে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ সব কটি ক্ষতিকর উপাদানের জন্য একটিমাত্র সম্মিলিত সতর্কবার্তা রাখার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি জে বি পারদিওয়ালা জানিয়েছেন, কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যেন প্রতিটি উদ্বেগজনক উপাদানের জন্য আলাদা ষড়ভুজাকৃতির লেবেল থাকে। অর্থাৎ, পণ্যে অতিরিক্ত চর্বি, অতিরিক্ত চিনি বা অতিরিক্ত লবণ থাকলে প্রতিটির জন্য পৃথক লেবেলে তা স্পষ্টভাবে লিখতে হবে।
দেশের মানুষের খাদ্যাভ্যাসে অস্বাস্থ্যকর প্রবণতা এবং প্যাকেটজাত খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ বাড়ছিল। বিষয়টি নিয়ে খাদ্য প্রস্তুতকারক সংস্থা এবং জনস্বাস্থ্য কর্মীদের মধ্যে মতবিরোধও চলছিল তীব্র। খাবার ও পানীয় সংস্থাগুলির দাবি ছিল, এ ধরনের কড়া সতর্কবার্তা ক্রেতাদের ওপর খুব একটা প্রভাব ফেলবে না। অন্যদিকে, স্বাস্থ্যকর্মীদের বক্তব্য ছিল, সাধারণ মানুষ যাতে বুঝেশুনে খাবার কিনতে পারেন, তার জন্য মোড়কের সামনেই পরিষ্কার তথ্য থাকা জরুরি।
শুনানি চলাকালীন আদালত কক্ষে এক মজাদার পরিবেশও তৈরি হয়। রায় ঘোষণার পর আইনজীবীদের মুখে হাসি না দেখে বিচারপতি পারদিওয়ালা জানতে চান, তাঁরা হাসছেন না কেন? উত্তরে এক আইনজীবী জানান, তিনি খাদ্য শিল্পের প্রতিনিধি হিসেবে মামলায় লড়ছেন। তখন বিচারপতি রসিকতা করে বলেন, ১৫০ পাতার এই রায়টি পুরো পড়ার পর হয়তো তাঁর মুখের হাসি আর অবশিষ্ট থাকবে না। তবে রসিকতার পাশাপাশি বিচারপতি এটিও মনে করিয়ে দেন যে, এই সিদ্ধান্ত বৃহত্তর জনস্বার্থ এবং জাতীয় স্বার্থের কথা ভেবেই নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ যাতে কঠোরভাবে কার্যকর করা হয়, সেই বার্তাও দিয়েছেন তিনি।
এমনিতেই সাম্প্রতিক সময়ে দেশজুড়ে খাবারের মান এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন রেস্তোরাঁ ও খাদ্য ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানও চলছে। এরই মধ্যে সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের এই রায় প্যাকেটজাত খাদ্য প্রস্তুতকারকদের ওপর নিয়ন্ত্রণের চাপ আরও বাড়িয়ে দিল। ক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং খাবারের গুণগত মান উন্নত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।




