নিউজ ডেস্ক: বিহারের মকামার প্রাক্তন বিধায়ক অনন্ত সিংহের মেয়ে শিবাঙ্গীর বিয়ে হয়। পাত্র ঋষিকেশ কুমার। তিনি কমান্ড্যান্ট রণবিজয় কুমারের ছেলে। বিয়ের অনুষ্ঠান ঘিরে আগে থেকেই ছিল বিপুল আয়োজন। অনন্ত সিংহের তরফে কার্যত প্রকাশ্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বিয়েতে যোগ দিতে কাউকে আলাদা করে নিমন্ত্রণপত্রের অপেক্ষা করতে হবে না, এমন বার্তাও দেওয়া হয়েছিল। তার পরেই বিহারের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে নাদওয়ান গ্রামের বিয়েবাড়িতে।
অতিথির সংখ্যা প্রায় ১০ লক্ষ বলে দাবি করা হলেও সেই হিসাব স্বাধীন ভাবে যাচাই করা যায়নি।
তবে ভিডিয়োগুলিতে যে বিপুল ভিড় দেখা গিয়েছে, তাতে আয়োজকদের পক্ষে পরিস্থিতি সামলানো যে কঠিন হয়ে পড়েছিল, তা স্পষ্ট। খাবারের কাউন্টারে লম্বা লাইন, মিষ্টির স্টলে হুড়োহুড়ি, আর থালা না পেয়ে অতিথিদের নানা রকম ব্যবস্থা—সব মিলিয়ে বিয়ের ভোজের ছবিটাই হয়ে উঠেছে আলোচনার বিষয়।
https://x.com/ChapraZila/status/2125738213272887724?a=04hKXLjy0ybHowgvCg8&s=20
সবচেয়ে বেশি নজর কেড়েছে খাবার খাওয়ার অভিনব কায়দা। কারও হাতে থালা নেই। তাই জল খাওয়ার গ্লাসেই পুরি ও সব্জি নিয়ে খেতে শুরু করেছেন অনেকে। কেউ আবার অপেক্ষা না করে বড় বড় রান্নার পাত্রের কাছে পৌঁছে সেখান থেকেই খাবার তুলে নিচ্ছেন। এক অতিথিকে দেখা গিয়েছে, কার্টনের টুকরোকে থালার বিকল্প হিসেবে ব্যবহার করতে। খাবার নিয়ে যাওয়ার জন্যও কার্টন ব্যবহার করেছেন কয়েক জন। আয়োজনের জাঁকজমকের সঙ্গে এই ‘দেশি জুগাড়’-এর দৃশ্যের বৈপরীত্যই নেটপাড়ার কৌতূহল বাড়িয়েছে।
https://x.com/NewsAlgebraIND/status/2125572675502526916?a=EBR06QhOv0fkOO5eeeg&s=20
মিষ্টির কাউন্টারেও পরিস্থিতি ছিল প্রায় একই রকম। বিশেষ করে রসগোল্লা সামনে আসতেই অতিথিদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। কয়েক মুহূর্তের মধ্যেই মিষ্টির পাত্র খালি হয়ে যায় বলে দাবি ভাইরাল ভিডিয়োতে। এক ব্যক্তিকে বলতে শোনা যায়, সেখানে খাবার পাওয়া যেন যুদ্ধ জেতার মতো। কেউ খাবার পেয়েছেন, কিন্তু রসগোল্লা পাননি—এমন আক্ষেপও ধরা পড়েছে ভিডিয়োয়। পনিরের তরকারি থেকে পনিরের টুকরো বেছে নেওয়ার দৃশ্যও নজরে এসেছে।
https://x.com/IndianGems_/status/2125787469782347815?a=_zq7elCTrX3mzeB2Go4&s=20
শুধু খাবারের কাউন্টার নয়, বিয়ের আয়োজনের অন্য দিকগুলিও ছিল নজরকাড়া। ঘোড়দৌড়ের সঙ্গে থার এসইউভি নিয়ে বিশেষ প্রদর্শন, ভিআইপি অতিথিদের জন্য কাছেই হেলিপ্যাড, বিশাল অস্থায়ী রান্নাঘর এবং তাঁবুর শহর—সব মিলিয়ে বিয়ের আয়োজনকে ঘিরে তৈরি হয়েছিল উৎসবের আবহ। ভিড়ের চাপে নাদওয়ান ও আশপাশের রাস্তায় প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়েছিল বলে খবর। কেউ এসেছেন গাড়িতে, কেউ ট্র্যাক্টরে, আবার অনেকে হেঁটেই পৌঁছেছেন বিয়েবাড়িতে।
https://x.com/BansalNews_/status/2124108319665361150?a=-siio1D7uHpMXdINORo&s=20
অনন্ত সিংহের মেয়ের বিয়েতে এমন বিপুল জনসমাগমের পিছনে ছিল তাঁর প্রকাশ্য আমন্ত্রণের সিদ্ধান্ত। কিন্তু অতিথির সংখ্যা যে আয়োজনের হিসাব ছাপিয়ে যেতে পারে, তা হয়তো আয়োজকেরা আন্দাজ করতে পারেননি। ফলে জাঁকজমকপূর্ণ বিয়ের ভোজের আলোচনায় এখন খাবারের বাহার বা অতিথি আপ্যায়নের চেয়ে বেশি জায়গা করে নিয়েছে থালার অভাব আর অতিথিদের তাৎক্ষণিক বুদ্ধি।
https://x.com/pcedo53575193/status/2125846803639939081?a=xCv018BE-qNYsBd6BdQ&s=20
কারও কাছে ঘটনাটি মজার, আবার কারও মতে, এত বড় আয়োজনেও খাবার পরিবেশনের ন্যূনতম ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়নি। সমাজমাধ্যমে তাই প্রশংসার পাশাপাশি উঠছে আয়োজনের পরিকল্পনা নিয়েও প্রশ্ন।




