পাটনা: বিহারের মোকামায়ের প্রভাবশালী বিধায়ক তথা 'ছোটে সরকার' খ্যাত অনন্ত সিংয়ের মেয়ের রাজকীয় বিয়ের অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে ব্যাপক শোরগোল পড়েছে। বুধবার (২৫ নভেম্বর) পাটনা জেলার নাদওয়ান (লাদমা) গ্রামে আয়োজিত এই বিবাহবাসরে নৃত্যশিল্পীদের ওপর বান্ডিল বান্ডিল নগদ টাকা ওড়ানো এবং পরে মাটিতে ছড়িয়ে থাকা সেই নোট ঝাঁটা দিয়ে জড়ো করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আম্বানি পরিবারের বিয়ের জাঁকজমকের সাথে তুলনা টেনে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা ও বিতর্ক।
অনন্ত সিংয়ের কনিষ্ঠা কন্যা শিবাঙ্গী সিংয়ের বিয়ের আসরে গানের তালে নৃত্যশিল্পীদের পারফরম্যান্স চলার সময় উপস্থিত অতিথিরা মুড়ি-মুড়কির মতো টাকার নোট ওড়াতে শুরু করেন। মঞ্চের নিচে মেঝেতে এত বিপুল পরিমাণ নোট জমা হয়ে যায় যে, হাত দিয়ে তা তোলা অসম্ভব হয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি সাধারণ ঝাঁটা দিয়ে মেঝেতে ছড়িয়ে থাকা নোটগুলো ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করছেন এবং সেগুলো শিল্পীদের হাতে তুলে দিচ্ছেন। যদিও মোট কত টাকা ওড়ানো হয়েছে, তার সঠিক হিসাব পাওয়া যায়নি।
https://x.com/ImSoniya24/status/2125755681970303025/video/1?a=9EjrxZZGV1usi4DoWcQ&s=19
এনডিটিভি প্রফিট ও ইন্ডিয়া টিভি-র খবর অনুযায়ী, পৈতৃক গ্রাম নাদওয়ানে এই বিয়ের আয়োজন ছিল রীতিমতো রাজকীয়। প্রায় ৪ থেকে ৫ লাখ অতিথির জন্য বিশাল ভোজের ব্যবস্থা রাখা হয়েছিল। কোনো আমন্ত্রণপত্র বা পাসের কড়াকড়ি ছিল না। এ প্রসঙ্গে অনন্ত সিং সাংবাদিকদের বলেন, "এটা কি কোনো সিনেমা হল যে টিকিট লাগবে?" অতিথিদের আপ্যায়নে ১৫০টিরও বেশি পদের বিশাল নিরামিষ ও আমিষ ভোজের আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিবেদনে এই বিয়ের আনুমানিক বাজেট ৪০ থেকে ৬০ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। কনে শিবাঙ্গী সিংয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ঋষিকেশ কুমার। ঋষিকেশ সিআরপিএফ কমান্ড্যান্ট রণবিজয় কুমারের পুত্র এবং আমেরিকার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রিধারী। তিনি প্রায় ১৫১ থেকে ২০০টি গাড়ির বিশাল বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন। জামাইকে কোটি টাকা মূল্যের বিলাসবহুল 'ল্যান্ড রোভার ডিফেন্ডার' গাড়ি উপহার দেওয়া হয়েছে বলেও খবর ছড়িয়েছে।
বিপুল জনসমাগমের জেরে বেগুসরাই-পাটনা জাতীয় সড়কে ১০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে, বিয়ের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিশেষ ঘোড়দৌড় প্রতিযোগিতা, যেখানে বিজয়ীর জন্য 'মাহিন্দ্রা থার' বা বিলাসবহুল গাড়ি পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে এনডিটিভি প্রফিট জানিয়েছে, অতিউৎসাহী দর্শকরা দৌড়ের ট্র্যাকে ঢুকে পড়ায় এবং বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার কারণে চূড়ান্ত পর্ব স্থগিত করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।
দুলার চাঁদ যাদব হত্যা মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ১ ডিসেম্বর অনন্ত সিংয়ের আদালতে আত্মসমর্পণ করার কথা রয়েছে। তার ঠিক কয়েক দিন আগেই মেয়ের বিয়েতে এই নজিরবিহীন অর্থব্যয় ও জাঁকজমক নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যেমন অনেকেই বিহারের এই 'বিগ ফ্যাট ওয়েডিং' দেখে বিস্ময় প্রকাশ করছেন, অন্যদিকে প্রকাশ্যে এভাবে টাকা ওড়ানো ও সম্পদের প্রদর্শনী নিয়ে সমালোচনাও শুরু হয়েছে নেটপাড়ায়।




