নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক তথা অন্যতম প্রধান মুখ সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করা হয়েছে বলে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বিদেশযাত্রায় বাধা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সৌরভ দাসের দায়ের করা মামলার শুনানিতে কেন্দ্র দাবি করেছে, তাঁর পাসপোর্ট ও পরিচয়পত্রে থাকা একাধিক গুরুতর অসঙ্গতি তাঁর ভারতীয় নাগরিকত্বের ওপরও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, সৌরভ দাসের আইনজীবী আদালতে জানিয়েছেন, বিমানবন্দরে আটকানোর সময় তাঁকে কোনো লুকআউট সার্কুলারের বিষয়ে অবহিত করা হয়নি। দিল্লি হাইকোর্টের বিচারপতি অমিত মহাজনের এজলাসে কেন্দ্রীয় সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল (ASG) চেতন শর্মা জানান, মুম্বই পুলিশের (মহারাষ্ট্র পুলিশ) অনুরোধে গত ২২-২৩ নভেম্বর মধ্যরাতে সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়।
কেন্দ্র জানিয়েছে, গত ২০ আগস্ট পুদুচেরির এসএসপি সৌরভ দাসের জন্মস্থান, পড়াশোনা, স্থায়ী ঠিকানা এবং পিতৃপরিচয়ের সত্যতা নিয়ে তদন্ত শুরু করেন। ২০১৯ সালে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ইস্যু হওয়া তাঁর পাসপোর্টে জন্মস্থান হিসেবে চেন্নাই লেখা রয়েছে, যদিও তিনি দিল্লিতে জন্মগ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি পাসপোর্টে বাবার নামের ঘরটি ফাঁকা রাখা হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল সওয়াল করেন যে, তদন্তে যদি দেখা যায় এই অসঙ্গতিগুলি অত্যন্ত মৌলিক বিষয়ের সঙ্গে যুক্ত, তবে তা কেবল পাসপোর্টের বৈধতাই নয়, বরং সৌরভ দাসের ভারতীয় নাগরিকত্বের ক্ষেত্রেও বড় প্রশ্নচিহ্ন তৈরি করতে পারে। কেন্দ্রের দাবি, ২৩ নভেম্বর সন্ধ্যায় চেন্নাই পাসপোর্ট অফিস থেকে তাঁকে শোকজ নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে উপযুক্ত নথিসহ ব্যাখ্যা চাওয়া হয়েছে। জবাব না দেওয়া পর্যন্ত তাঁকে পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণ না করার পরামর্শ (Advisory) দেওয়া হয়েছে। কেন্দ্রের যুক্তি, এই মুহূর্তে তাঁর পাসপোর্ট বাতিল বা সাসপেন্ড করা হয়নি; তবে বিদেশে যাওয়ার পর তাঁর জবাব অসন্তোষজনক প্রমাণিত হলে তিনি বিদেশের মাটিতে বিপাকে পড়তে পারেন—সেই কথা ভেবেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌরভ দাসের পক্ষে প্রবীণ আইনজীবী অখিল সিবল আদালতে কেন্দ্রের পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন।
সিবল বলেন, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন আধিকারিকরা লন্ডনগামী বিমানে উঠতে বাধা দিলেও সৌরভকে কোনো লুকআউট সার্কুলার বা লিখিত আদেশের কপি দেখাননি। এমনকি আদালতে লুকআউট সার্কুলারের কপি চাওয়া হলেও কেন্দ্র তা দিতে অস্বীকার করে। সিবলের যুক্তি, বিদেশ ভ্রমণের অধিকার একটি মৌলিক অধিকার এবং পাসপোর্ট বাজেয়াপ্ত বা স্থগিত করার কোনো আনুষ্ঠানিক আদেশ ছাড়া কেবল শোকজ নোটিশ বিচারাধীন থাকার অজুহাতে কাউকে আটকানো যায় না।অক্সফোর্ড ইউনিয়ন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে 'ককরোচ মুভমেন্ট' নিয়ে বক্তব্য রাখার জন্য যুক্তরাজ্যে যাচ্ছিলেন সৌরভ দাস। তাঁর অভিযোগ, রাজনৈতিক সক্রিয়তা এবং সরকারের বিরুদ্ধে আন্দোলনের কারণেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে শেষ মুহূর্তে নোটিশ দিয়ে তাঁর বিদেশযাত্রা আটকানো হয়েছে। এছাড়া, বিমানবন্দরে আটকানোর পর সামাজিক মাধ্যমে তাঁর পাসপোর্টের ছবি ফাঁস হওয়া নিয়েও তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর দিল্লি হাইকোর্ট সৌরভ দাসের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক এবং সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের কাছে জবাব তলব করেছে। আগামী ৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৩০ অক্টোবর মাদ্রাজ হাইকোর্টও সৌরভ দাসের পরিচয় ও নাগরিকত্বের তদন্ত এবং তাঁর পাসপোর্ট ও আধার কার্ড বাতিলের দাবিতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় কেন্দ্র ও সৌরভ দাসকে নোটিশ জারি করেছিল।




