নিউজ ডেস্ক: ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার ১৮ বছর পূর্ণ হল। কিন্তু ওই হামলায় ধৃত একমাত্র জীবিত জঙ্গি আজমল কসাবের হয়ে বম্বে হাই কোর্টে মামলা লড়ার পারিশ্রমিক আজও পাননি দুই আইনজীবী। মহারাষ্ট্র সরকারের নিয়োগ করা আইনজীবী আমিন সোলকার এবং ফারহানা শাহের অভিযোগ, কসাবের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানিতে প্রায় ন’মাস ধরে তাঁরা সওয়াল করেছিলেন। সেই সময় অন্য মামলার কাজও সরিয়ে রাখতে হয়েছিল তাঁদের। অথচ এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও প্রাপ্য টাকা মেলেনি।
২০১০ সালের ৮ জুন মহারাষ্ট্র স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি (এমএসএলএসএ) একটি বিজ্ঞপ্তি জারি করে ওই দুই আইনজীবীকে নিয়োগ করেছিল। বম্বে হাই কোর্টের মনোনয়নের ভিত্তিতেই তাঁদের দায়িত্ব দেওয়া হয়। নিম্ন আদালতে কসাবের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল এবং মৃত্যুদণ্ড বহাল রাখার মামলায় তাঁর হয়ে সওয়াল করার দায়িত্ব ছিল সোলকার ও শাহের।
নিয়োগের বিজ্ঞপ্তিতে পারিশ্রমিকের বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়েছিল। বিশেষ সরকারি কৌঁসুলি যে হারে পারিশ্রমিক পান, সেই অনুযায়ী টাকা পাওয়ার কথা ছিল সোলকারের। অন্য দিকে, মৃত্যুদণ্ড বহাল রাখার মামলায় অতিরিক্ত সরকারি কৌঁসুলির সমপরিমাণ পারিশ্রমিক পাওয়ার কথা ছিল ফারহানার। সরকারি সূত্রের অনুমান, দৈনিক ১,৫০০ থেকে ২,০০০ টাকা পাওয়ার কথা ছিল তাঁদের।
কিন্তু বম্বে হাই কোর্টে শুনানি শেষ হওয়ার ১৫ বছরেরও বেশি সময় পরেও টাকা পাননি বলে অভিযোগ দুই আইনজীবীর। সংবাদ সংস্থা পিটিআইকে সোলকার বলেছেন, ‘কসাবের হয়ে সওয়াল করার জন্য আমরা এখনও কোনও পারিশ্রমিক পাইনি। মহারাষ্ট্র স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির সঙ্গে বার বার যোগাযোগ করেছি। কিন্তু এখনও পর্যন্ত কোনও ইতিবাচক অগ্রগতি হয়নি।’
দুই আইনজীবীর অভিযোগ, প্রতিবার বকেয়া পারিশ্রমিকের বিষয়ে যোগাযোগ করলেই তাঁদের কাছে বিস্তারিত বিল এবং মেমো চাওয়া হচ্ছে। কোন কোন তারিখে তাঁরা আদালতে উপস্থিত ছিলেন এবং কত ঘণ্টা শুনানিতে অংশ নিয়েছিলেন, তার হিসাব জমা দিতে বলা হচ্ছে। এত বছর পরে প্রতিদিনের শুনানির সময়ের এত খুঁটিনাটি হিসাব রাখা সম্ভব নয় বলেই দাবি তাঁদের। সোলকারের প্রশ্ন, নিয়োগপত্রে যখন পারিশ্রমিকের কাঠামো স্পষ্ট করে দেওয়া হয়েছিল, তখন সেই হিসাব অনুযায়ী টাকা মিটিয়ে দিতে সমস্যা কোথায়?
ফারহানাও জানিয়েছেন, ওই ন’মাস অন্য মামলাগুলি সরিয়ে রেখে তাঁরা কসাবের মামলা লড়েছিলেন। তাঁর কথায়, ‘এই মামলায় সওয়াল করার জন্য আমরা ন’মাস নিজেদের পুরো দিনটাই দিয়েছিলাম। যাতে শুনানিতে কোনও বাধা না আসে, সে জন্য অন্য সব মামলা পিছনের সারিতে রাখতে হয়েছিল।’ তাঁর আরও দাবি, হাই কোর্টের রায় ঘোষণার পরেই তাঁদের পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা ছিল।
যদিও মহারাষ্ট্র স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির এক আধিকারিকের বক্তব্য, নিয়ম অনুযায়ী পারিশ্রমিক পেতে হলে আইনজীবীদের আনুষ্ঠানিক বিল এবং মেমো জমা দিতে হয়। সেই প্রক্রিয়া মেনেই টাকা দেওয়া সম্ভব।
অন্য দিকে, কসাবের বিচারপর্বে তাঁর হয়ে সওয়াল করা আইনজীবী আব্বাস কাজমি জানিয়েছেন, তাঁর পারিশ্রমিক অবশ্য সময়মতো মিটিয়ে দিয়েছিল সরকার। বিশেষ বিচারক এম এল তাহিলিয়ানির আদালতে কসাবের হয়ে মামলা লড়েছিলেন তিনি।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন তিন শতাধিক মানুষ। ১০ জন সশস্ত্র জঙ্গি সমুদ্রপথে পাকিস্তান থেকে মুম্বইয়ে ঢুকে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালিয়েছিল। প্রায় ৬০ ঘণ্টা ধরে চলেছিল সেই সন্ত্রাসবাদী অভিযান। হামলাকারীদের মধ্যে একমাত্র কসাবকে জীবিত অবস্থায় গ্রেফতার করা সম্ভব হয়েছিল।
২০১০ সালের জুনে বম্বে হাই কোর্টে কসাবের মৃত্যুদণ্ডের অনুমোদন এবং আপিলের শুনানি শুরু হয়। ২০১১ সালের ফেব্রুয়ারিতে হাই কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখে। পরে সুপ্রিম কোর্টও সেই রায় অনুমোদন করে। ২০১২ সালের ২১ নভেম্বর পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারে কসাবের ফাঁসি হয়। কিন্তু তাঁর হয়ে মামলা লড়া দুই আইনজীবীর পারিশ্রমিকের জট আজও কাটেনি।




