স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে প্রথম টেস্টে ব্যাটারদের দাপটে নিষ্প্রাণ হয়ে উঠেছিল পিচ। পাঁচ দিনের খেলায় দুই দল মিলিয়ে উঠেছিল ১,৩২৭ রান, অথচ উইকেট পড়েছিল মাত্র ২৪টি। ফলে ড্র হওয়া সেই ম্যাচের পর দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ম্যাচের আগের দিন পিচের চরিত্র নিয়ে মুখ খুললেন মাঠের প্রধান কিউরেটর জেডেন টোহিল। তাঁর ইঙ্গিত, শুরুতে বোলাররা সুবিধা পেলেও ধীরে ধীরে ব্যাটিংয়ের জন্য ভাল হয়ে উঠবে উইকেট।
টোহিল জানিয়েছেন, ভারত ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের জন্য ভারসাম্যপূর্ণ পিচ তৈরিই তাঁদের লক্ষ্য। তাঁর কথায়, প্রথম দিকে সাধারণত এই মাঠে বোলাররা কিছুটা সুবিধা পান। তবে খেলা এগোলে পিচ ব্যাটারদের জন্য অনুকূল হয়ে ওঠে। ফলে দুই দলের বোলার ও ব্যাটার— উভয়ের কাছেই নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ থাকবে।
এর আগে একই মাঠে ভারতীয় 'এ' দল ও নিউজিল্যান্ড 'এ' দলের ম্যাচ হয়েছিল। তবে সেই ম্যাচের পিচকে আসন্ন টেস্টের জন্য উদাহরণ হিসেবে ধরতে নারাজ কিউরেটর। তাঁর ব্যাখ্যা, ওই ম্যাচের আগে পিচ তৈরির সময় আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। কখনও প্রচণ্ড গরম, আবার প্রস্তুতির শেষ দিকে কয়েক দিনের খারাপ আবহাওয়ার কারণে পরিকল্পনা অনুযায়ী কাজ করা যায়নি। এবার অবশ্য শীতকালীন সংস্কারের পর পিচ অনেক ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।
গত বছর হ্যাগলি ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের কথাও উল্লেখ করেছেন টোহিল। সেই ম্যাচ পঞ্চম দিন পর্যন্ত গড়িয়েছিল এবং শেষ পর্বেও তিন ধরনের ফলের সম্ভাবনা ছিল। তবে মাঝের দিকে আবহাওয়ার প্রভাবে পিচ দ্রুত ব্যাটিংয়ের উপযোগী হয়ে যায়।
কিউরেটরের মতে, পাঁচ দিন ম্যাচ টেনে নিয়ে যাওয়ার চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং ফল পাওয়ার মতো পরিস্থিতি তৈরি করাই তাঁদের লক্ষ্য। আগের টেস্টের তথ্য ও পরিসংখ্যান বিচার করেই পিচ প্রস্তুত করা হয়। হ্যাগলি ওভালে পিচ তৈরিতে বিশেষ ধরনের কাকানুই কাদামাটি ব্যবহার করা হয়, যার সংকোচন ও প্রসারণের বৈশিষ্ট্য রয়েছে।
এদিকে বৃহস্পতিবার বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য প্রস্তুতির কাজ ব্যাহত হলেও পরে আবহাওয়ার উন্নতির আশা করছেন কিউরেটর। এখন দেখার, ওয়েলিংটনের তুলনায় ক্রাইস্টচার্চে ভারত-নিউজিল্যান্ড লড়াই কতটা জমে ওঠে।




