আসানসোল, নিউজ ডেস্ক: সকালটা আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল। কেউ অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কেউ সন্তানদের স্কুলে পাঠানোর তোড়জোড় করছিলেন। কিন্তু আচমকাই বদলে গেল ছবিটা। সরু গলিতে ঢুকে পড়ল একের পর এক পুলিশকর্মী। হাতে আগ্নেয়াস্ত্র, চোখে সতর্ক দৃষ্টি। মুহূর্তের মধ্যে ঘিরে ফেলা হল গোটা এলাকা। তারপরই পরপর গুলির শব্দ! শুক্রবার সকালে আসানসোলের হীরাপুরের পাঁজাগলিতে পুলিশের অভিযানে এমনই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। পুলিশের গুলিতে পায়ে জখম হয়ে শেষ পর্যন্ত ধরা পড়ে অভিযুক্ত প্রতাপ দাস। আর সেই অভিযানের ভয়াবহ অভিজ্ঞতার কথা সামনে আনলেন যে বাড়িতে লুকিয়ে ছিল প্রতাপ, সেই বাড়ির গৃহকর্ত্রী শুক্লা সামন্ত।
শুক্লার কথায়, ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি তাঁরা। বাড়িতে তখন তাঁর স্বামী অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে, বাড়ির বাচ্চারা স্কুলে চলে গিয়েছিল। ঠিক সেই সময় পুলিশকর্মীরা বাড়িতে এসে নিরাপত্তার কারণে সমস্ত দরজা-জানালা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।শুক্লা বলেন, অফিসাররা বাড়িতে ঢুকেই সবকিছু লক করে দিতে বলেন। ছাদের দরজা থেকে শুরু করে জানালা, সব বন্ধ করে দিয়েছিলেন তিনি। সেই সময় আতঙ্কে কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন। দিনের আলোয় নিজের বাড়ির আশপাশে এমন ঘটনা ঘটতে পারে, তা কল্পনাও করতে পারেননি।
তবে ছাদে থাকার সময়ই অভিযানের সবচেয়ে ভয়াবহ মুহূর্তটি প্রত্যক্ষ করেন তিনি। তাঁর কথায়, ছাদ থেকে তিনি গুলির শব্দ শুনতে পান। এরপর পুলিশকর্মীদের অভিযুক্তকে ধরে বাড়ি থেকে বের করে আনতেও দেখেন। এখনও সেই ঘটনার কথা বলতে গিয়ে আতঙ্ক স্পষ্ট তাঁর গলায়। শুধু শুক্লা নন, গোটা পাঁজাগলির বাসিন্দারাই সেদিন ভয়ে সিঁটিয়ে ছিলেন। স্থানীয় এক বাসিন্দার দাবি, প্রতাপকে তাঁরা আগে থেকেই চিনতেন। এলাকায় তার বেড়ে ওঠা। গত কয়েক দিন ধরে পুলিশি তৎপরতা লক্ষ্য করছিলেন তাঁরা। রাতে বাড়ির বাইরে বেরোতেও ভয় পাচ্ছিলেন অনেকে। অভিযুক্ত গ্রেফতার হওয়ায় এখন কিছুটা স্বস্তি ফিরেছে এলাকায়।
উল্লেখ্য, হীরাপুরের মাদার টেরিজা কলোনিতে প্রতাপের বাড়ি। পাঁজাগলিতে রয়েছে তার মামাবাড়ি। পরিচিত এলাকা হওয়ায় সেখানেই আশ্রয় নিয়েছিল সে বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর বয়সি প্রতাপ আসানসোল, হীরাপুর, পুরুলিয়া ও সালানপুর এলাকায় একাধিক অপরাধের অভিযোগে অভিযুক্ত। গত ২৬ নভেম্বর একটি সাইবার প্রতারণার মামলায় তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি চলছিল।
পুলিশের দাবি, শুক্রবার ফের তার সন্ধান পেয়ে অভিযান চালানো হয়। পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে তার ডান পায়ে আঘাত লাগে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গ্রেফতার করা হয়।স্থানীয়দের দাবি, ছোটবেলা থেকেই অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছিল প্রতাপ। স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় একটি ওষুধের দোকানে চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে জুভেনাইল হোমেও পাঠানো হয়েছিল তাকে। সেখান থেকে ফিরে ফের অপরাধ জগতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। চুরি, ডাকাতি এবং পেট্রল পাম্পে গুলি চালানোর মতো একাধিক অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এক অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান শেষ হলেও পাঁজাগলির বাসিন্দাদের মনে সেই সকালের আতঙ্কের স্মৃতি এখনও তাজা।




