ঢাকা: শিশুদের হাতে স্মার্টফোন, আর সেই ফোনেই ঘণ্টার পর ঘণ্টা সমাজমাধ্যমে চোখ। কখনও রিলস, কখনও অনলাইন গেম, কখনও অচেনা মানুষের সঙ্গে কথোপকথন। ডিজিটাল দুনিয়ার এই অবাধ বিচরণ শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে কী প্রভাব ফেলছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও বিশেষজ্ঞদের মধ্যে। এ বার সেই উদ্বেগ থেকেই ১৬ বছর বা তার কম বয়সিদের সমাজমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির নির্দেশ দিল বাংলাদেশের হাইকোর্ট। একই সঙ্গে এই বিষয়ে সুপারিশ তৈরির জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিদ, শিশুরোগ বিশেষজ্ঞ এবং আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলার প্রাথমিক শুনানির পর এই নির্দেশ দেয়। আদালত সংশ্লিষ্ট সরকারি দফতরগুলিকে অবিলম্বে বিশেষজ্ঞ কমিটি গঠনের পদক্ষেপ করতে বলেছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক এবং আইন মন্ত্রকের সচিবদের পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকেও এই নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে।
শুধু নির্দেশ দিয়েই থামেনি আদালত। ১৬ বছর বা তার কম বয়সিদের সমাজমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে এত দিন কোনও নির্দিষ্ট নীতিমালা তৈরি না করার কারণ জানতে চেয়ে চার সপ্তাহের মধ্যে জবাব চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন আইনবিরুদ্ধ ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ভূমিকা কতটা, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ ফয়সল দস্তগির এই জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁর বক্তব্য, নির্দিষ্ট কোনও নীতিমালা না থাকায় বাংলাদেশের শিশুরা কার্যত কোনও নিয়ন্ত্রণ ছাড়াই সমাজমাধ্যম ব্যবহার করছে। এর ফলে অনেকের মধ্যে একাকিত্ব, অবসাদ এবং মানসিক বিকাশে সমস্যার মতো লক্ষণ দেখা যাচ্ছে বলে দাবি করেছেন তিনি। শিশুদের অনলাইন অভ্যাসের প্রভাব খতিয়ে দেখে উপযুক্ত বিধিনিষেধ তৈরির প্রয়োজনীয়তার কথাও মামলায় তুলে ধরা হয়েছে।
মামলায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর একটি গবেষণার তথ্য উল্লেখ করা হয়েছে। সেই গবেষণা অনুযায়ী, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন ২ ঘণ্টার বেশি সময় বিভিন্ন ধরনের স্ক্রিনের সামনে কাটায়। স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার এবং অনলাইন গেমিংয়ের মতো মাধ্যম মিলিয়ে শিশুদের দৈনিক স্ক্রিন ব্যবহারের গড় সময় প্রায় ৪.৬ ঘণ্টা। বিনোদনের জন্য শিশুদের স্ক্রিন ব্যবহারের আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সময়সীমার তুলনায় এই পরিমাণ অনেকটাই বেশি বলে মামলাকারীর দাবি।
গবেষণায় আরও উঠে এসেছে, অংশগ্রহণকারী শিশুদের এক-তৃতীয়াংশেরও বেশি চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর নিয়মিত মাথাব্যথার অভিযোগ রয়েছে। দিনে ২ ঘণ্টার বেশি স্ক্রিনের সামনে থাকা শিশুদের ঘুমের সময়ও কম। তাদের গড়ে রাতে মাত্র ৭.৩ ঘণ্টা ঘুম হয়। অথচ এই বয়সে সুস্থ শারীরিক বৃদ্ধি এবং মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন বলে বিশেষজ্ঞদের মত।
অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সঙ্গে শিশুদের ওজন বৃদ্ধির সম্পর্কও উঠে এসেছে ওই গবেষণায়। অংশগ্রহণকারীদের প্রায় ১৪ শতাংশের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি অথবা তাঁরা স্থূলতার সমস্যায় ভুগছে। দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা এবং আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে। শারীরিক বৃদ্ধি এবং সামগ্রিক মানসিক সুস্থতার উপরেও তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশেও শিশুদের সমাজমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণের উদ্যোগ শুরু হয়েছে। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ১৬ বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ চালু করেছে। মালয়েশিয়াতেও অপ্রাপ্তবয়স্কদের অনলাইন নিরাপত্তা নিয়ে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ করা হয়েছে। সেই আন্তর্জাতিক প্রবণতার মধ্যেই বাংলাদেশের হাই কোর্টের এই নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ।
তবে আদালতের নির্দেশের অর্থ এই নয় যে, বাংলাদেশে ইতিমধ্যেই ১৬ বছরের কম বয়সিদের সমাজমাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গিয়েছে।
আপাতত নীতিমালা তৈরির নির্দেশ এবং বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। সেই কমিটি শিশুদের উপর সমাজমাধ্যমের প্রভাব খতিয়ে দেখে কী ধরনের নিয়ন্ত্রণ প্রয়োজন, সে বিষয়ে সুপারিশ করবে। ডিজিটাল দুনিয়ায় শিশুদের প্রবেশ আটকানো কতটা সম্ভব, তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, পড়াশোনা থেকে বিনোদন—জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এখন ইন্টারনেটের ব্যবহার বাড়ছে।
ফলে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বদলে বয়স অনুযায়ী প্রবেশাধিকার, অভিভাবকের নজরদারি, ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষার মতো বিষয়গুলিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশের হাইকোর্টের নির্দেশে সেই বিতর্কই নতুন করে সামনে এল। শিশুদের ডিজিটাল স্বাধীনতা বজায় রেখেই কী ভাবে তাদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করা যায়, এখন নজর থাকবে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ এবং সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।




