নিউজ ডেস্ক: শৌচাগারের কমোড থেকে বেরিয়ে আসছে বিশাল অজগর! এমনই একটি ছবি দেখে আতঙ্ক ছড়িয়েছিল ইতালির একটি শহরে। খবর পেয়ে ছুটে এসেছিলেন দমকলকর্মীরা। তল্লাশিতে নামেন বিশেষজ্ঞ পুলিশ আধিকারিকরাও। প্রায় ৪৮ ঘণ্টা ধরে চলে খোঁজাখুঁজি। কিন্তু কোথাও মিলল না সাপের হদিস। শেষ পর্যন্ত তদন্তে বেরিয়ে এল অবিশ্বাস্য সত্যি। আসলে কোনও অজগরই ছিল না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ওই ছবি তৈরি করেছিল মাত্র ৯ বছরের এক বালক!
ঘটনাটি ইতালির আনকোনা প্রদেশের কাস্তেলফিদার্দো শহরের। একটি বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে শৌচাগারের ছবি তুলেছিল ওই বালক। তার পর একটি এআই অ্যাপ ব্যবহার করে ছবিতে কমোডের ভিতর থেকে উঁকি দেওয়া অজগরের ছবি বসিয়ে দেয় সে। সেই ভুয়ো ছবিই বড়দের দেখিয়ে দাবি করে, শৌচাগারের ভিতর থেকে সাপটি বেরিয়ে আসছিল।
ছবি দেখে আতঙ্কিত হয়ে দমকলকর্মীদের খবর দেন স্থানীয়েরা। ওসিমো থেকে দমকলের একটি দল এসে প্রথমে শৌচাগার এবং পরে গোটা বাড়িতে তল্লাশি চালায়। কিন্তু সাপের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তখন আশঙ্কা করা হয়, অজগরটি হয়তো খোলা জানলা দিয়ে পালিয়ে গিয়েছে অথবা বাড়ির কোনও ফাঁকফোকরে লুকিয়ে রয়েছে।
পরের দিন তল্লাশিতে যোগ দেন ইতালির কারাবিনিয়েরি ফরেস্টালির বিশেষজ্ঞ আধিকারিকেরা। বিদেশি ও বিপজ্জনক প্রাণী সংরক্ষণ সংক্রান্ত সাইটেস বিভাগের সদস্যরাও তদন্তে সামিল হন। প্রায় দু'দিন ধরে চলে এই তল্লাশি। শেষ পর্যন্ত বালকের মোবাইল ফোনে থাকা মূল ছবিটি খতিয়ে দেখতেই সামনে আসে আসল ঘটনা। ছবিটি যে এআই দিয়ে তৈরি, তা বুঝতে পারেন তদন্তকারীরা। জেরার মুখে নিজের কীর্তির কথা স্বীকার করে নেয় বালক। পরে নিজের কাজের জন্য ক্ষমাও চায় সে।
ইতালির আইন অনুযায়ী, ১৪ বছরের কম বয়সিদের অপরাধের জন্য ফৌজদারি দায়ে অভিযুক্ত করা যায় না। তাই ওই বালকের বিরুদ্ধে কোনও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন।
ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্চে পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের অধিকর্তা পাওলো ক্লিনি। তাঁর মতে, এআই দিয়ে তৈরি ভুয়ো ছবি কী ভাবে বাস্তবের আতঙ্ক তৈরি করতে পারে, এই ঘটনা তারই উদাহরণ। ছোটদের হাতে সহজে এ ধরনের প্রযুক্তি পৌঁছে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর পরামর্শ, এআই দিয়ে তৈরি ছবি হলে তা স্পষ্ট করে জানানো উচিত। পাশাপাশি, যাচাই না করে এমন ছবি অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া থেকেও বিরত থাকতে হবে।




