কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজে অশান্তির ঘটনায় পুলিশের পদক্ষেপ। এবার তিন ইন্টার্নকে তলব করা হল বউবাজার থানায়। সূত্রের খবর নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। হাসপাতালের উপাধ্যক্ষের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই সমন পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
চোরবাগান কাণ্ডের পর সংবাদমাধ্যমে মুখ খোলার জেরে শোকজ করা হয় কলকাতা মেডিক্যাল কলেজে ৮ ইন্টার্ন চিকিৎসককে। এরপর গত ১৮ নভেম্বর কলকাতা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ও উপাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকদের একাংশ। অভিযোগ, ওই বিক্ষোভ চলাকালীন হাসপাতালের উপাধ্যক্ষকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। শোকজ নোটিস প্রত্যাহার এবং তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের দাবিতে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের ঘরের সামনে চলে অবস্থান বিক্ষোভ। এই ঘটনায় বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন উপাধ্যক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। এবার তিন ইন্টার্নকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
উল্লেখ্য, চোরবাগান দুর্গাপুজোর পদপিষ্ট হওয়ার ঘটনায় সংবাদমাধ্যমে বক্তব্য রাখার পর আট ইন্টার্নকে শোকজ করেছিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগও উঠেছিল। সেই শোকজের প্রতিবাদেই আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। অন্যদিকে, মেডিক্যাল কলেজে ভাঙচুরের ঘটনায়ও স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। ওই মামলায় আরও দু’জনকে তলব করা হয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছে বউবাজার থানার পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
চোরবাগানে পদপিষ্টে ঘটনার রাতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা-পরিকাঠামো নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন মেডিক্যাল কলেজের একদল জুনিয়র চিকিৎসক ও ইন্টার্ন। প্রশ্ন তোলেন, রাজ্যের শীর্ষস্তরের একটি সরকারি হাসপাতাল থেকে কেন জখমদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল? একইসঙ্গে রক্তক্ষরণ বন্ধের ওষুধ ও জরুরি চিকিৎসা সরঞ্জাম হাসপাতালে অমিল ছিল বলেও অভিযোগ তুলেছিলেন তাঁরা। ‘অন ডিউটি’তে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখা এবং জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাব নিয়ে ‘মিথ্যা’ অভিযোগ তোলার কারণ জানতে চেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে ওই ইন্টার্ন-চিকিৎসকদের বক্তব্য নিয়ে ঘটনার কয়েকদিন পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের মেডিক্যাল কলেজের যাঁরা আপনাদের কাছে ডিউটি ছেড়ে স্টেটমেন্ট দিয়েছে নেতার মতো৷ স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে বলেছি, ছবিগুলো দেখে আইডেন্টিফাই করে বের করতে, ওদের ওই সময় ডিউটি ছিল কি না৷ রিপোর্ট সিএমও-তে দিতে হবে৷' তারপরেই আট ইন্টার্নকে শোকজ করা হল।




