কলকাতা: ১৫০ বছরেরও বেশি পুরনো ইতিহাসে প্রথমবার! কলকাতা পুরনিগমের কাউন্সিলর ক্লাবে স্থান পেল বিনায়ক দামোদর সাভারকরের ছবি। আর এই একটি সিদ্ধান্ত ঘিরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। শুধু সাভারকর নন, কাউন্সিলর ক্লাবে জায়গা পেয়েছেন আরও কয়েকজন বিশিষ্ট ঐতিহাসিক ব্যক্তিত্ব। তবে সাভারকরের ছবি সংযোজনকে ঘিরেই শুরু হয়েছে সবচেয়ে বেশি আলোচনা।
১৮৭৬ সালে প্রতিষ্ঠিত কলকাতা পুরনিগমের দীর্ঘ ইতিহাসে এর আগে কাউন্সিলর ক্লাবে সাভারকরের কোনও ছবি ছিল না। এবার প্রথমবার সেখানে তাঁর ছবি রাখা হল। উল্লেখযোগ্য বিষয়, সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ডঃ ভীমরাও আম্বেদকরের ছবির পাশেই স্থান পেয়েছে সাভারকরের প্রতিকৃতি।
সাভারকর ছাড়াও কাউন্সিলর ক্লাবে নতুন করে জায়গা পেয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রানি লক্ষ্মীবাই, সর্দার বল্লভভাই প্যাটেল এবং মহারানা প্রতাপ সিংহের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বরা।
এতদিন কাউন্সিলর ক্লাবে মূলত কলকাতা পুরসভার প্রয়াত কাউন্সিলরদের ছবি সংরক্ষিত ছিল। তাঁদের মধ্যে রয়েছেন অজিত কুমার পাঁজা, রথীন দাস শর্মা, মিহির কুমার সাহা এবং অশোক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাক্তন জনপ্রতিনিধিরা। নতুন করে মনীষীদের ছবি সংযোজন করা হলেও প্রয়াত কাউন্সিলরদের ছবিগুলিও আগের মতোই সাজিয়ে রাখা হয়েছে।
তবে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। সাভারকরের সঙ্গে কলকাতার সম্পর্ক কী, সেই প্রশ্ন তুলেছেন বামপন্থী শিবিরের একাংশ। তাঁদের বক্তব্য, কলকাতা পুরনিগমের মতো ঐতিহাসিক প্রতিষ্ঠানে তাঁর ছবি রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে।
অন্যদিকে, এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর বক্তব্য, সাভারকরের সঙ্গে কলকাতার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে লেনিনের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলা উচিত। লেনিন সরণির নাম নিয়েও পাল্টা কটাক্ষ করেন তিনি।
সজল ঘোষ আরও দাবি করেন, ভারতের স্বাধীনতার জন্য জীবনের দীর্ঘ সময় কারাবন্দি অবস্থায় কাটিয়েছেন সাভারকর। তাঁর অবদান নিয়ে এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক বলেও প্রতিক্রিয়া জানিয়েছেন বিধায়ক।
সব মিলিয়ে কলকাতা পুরনিগমের কাউন্সিলর ক্লাবে সাভারকরের ছবি সংযোজন এখন শুধুই একটি প্রশাসনিক সিদ্ধান্তে সীমাবদ্ধ নেই। ইতিহাস, রাজনৈতিক মতাদর্শ এবং স্বাধীনতা আন্দোলনের মূল্যায়ন নিয়ে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে। আগামী দিনে এই ছবি সংযোজনকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।




