নিউজ ডেস্ক: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিশকেকে বসবে এসসিও সম্মেলন। তার আগেই ২৯-৩০ অগাস্ট উজবেকিস্তান সফর করবেন মোদী। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রীর সফরসূচি জানানো হয়েছে। বিশকেকে মোদী-পুতিন বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ নজরে থাকতে পারে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা।
মোদীর সঙ্গে বৈঠকের আগে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাশিয়া সফরে গিয়ে জয়শঙ্কর পুতিনের সঙ্গে বৈঠক করেন। সেই সময়ই পুতিন জানিয়েছিলেন, এসসিও সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে তাঁর দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। জয়শঙ্করের মাধ্যমে মোদীকে শুভেচ্ছাও পাঠিয়েছিলেন তিনি। ফলে বিশকেকের বৈঠককে ভারত-রাশিয়া সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষত বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি ও জ্বালানি সহযোগিতা আরও কী ভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হতে পারে।
পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যেই ভারতকে শক্তি ও সার সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে মস্কো। জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পুতিন জানিয়েছিলেন, ভারতীয় কৃষকদের প্রয়োজনের কথা মাথায় রেখে রাশিয়া সার সরবরাহ আরও বাড়াতে প্রস্তুত। তাঁর দাবি, ২০২৫ সালে কিছুটা কমার পর চলতি বছরে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ফের বেড়েছে। ফলে মোদী-পুতিন বৈঠকে জ্বালানি ও সার সরবরাহের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়টিও গুরুত্ব পেতে পারে। দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বের নতুন দিশা নিয়েও আলোচনা হতে পারে।
অন্য দিকে, উজবেকিস্তান সফরেও একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সঙ্গে প্রতিনিধিস্তরীয় বৈঠকে বসবেন মোদী। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, শক্তি, শিক্ষা এবং দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ নিয়ে আলোচনা হওয়ার কথা। ‘বিকশিত ভারত ২০৪৭’ এবং উজবেকিস্তানের ‘উজবেকিস্তান-২০৩০’ উন্নয়ন-ভাবনার মধ্যে সহযোগিতার ক্ষেত্রও খতিয়ে দেখা হবে। উজবেকিস্তান সফর শেষে বিশকেকে এসসিও সম্মেলনে যোগ দেবেন মোদী। সেখানে পুতিনের সঙ্গে বৈঠক ঘিরেই আপাতত কূটনৈতিক মহলের নজর।