বিনোদন ডেস্ক: চলতি বছর ২০ মে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রযোজনা সংস্থার তরফ থেকে ‘ফ্যামিলিওয়ালা’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল। তখনই জানানো হয়েছিল যে, এক অত্যন্ত সাধারণ মানুষের নানাবিধ অভিব্যক্তি ও জীবনের টানাপোড়েন নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। সম্প্রতি মুক্তি পাওয়া ১ মিনিট ২ সেকেন্ডের টিজারে ছবির গল্পের আভাস আরও স্পষ্ট হয়েছে। আধুনিক কর্মব্যস্ত জীবনে আবালবৃদ্ধবনিতাকে গ্রাস করছে এক গভীর অসুখ—‘একাকীত্ব’। সেই একাকীত্বের অন্ধকারে আলোর দিশা দেখাতে আসছে ‘ফ্যামিলিওয়ালা’। ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখা যাবে ‘রাজ বন্দ্যোপাধ্যায়’ নামের এক সাধারণ মানুষের চরিত্রে। রাজ এমন একটি সংস্থায় কাজ করে, যাদের মূল কাজ হলো সমাজের নিঃসঙ্গ মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে সময় কাটানো। কিন্তু অন্যদের জীবনে খুশি ও সঙ্গ দিতে গিয়ে রাজের নিজের ব্যক্তিগত জীবনে কতটা একাকীত্ব নেমে আসে, সেই মানবিক টানাপোড়েন ও সম্পর্কের নতুন সমীকরণই ফুটে উঠবে পর্দায়।
এই ছবির অন্যতম বড় আকর্ষণ হলো শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অভিনয়। দীর্ঘদিন নিজের এবং নন্দিতা রায়ের পরিচালনার বাইরে অন্য কোনো পরিচালকের ছবিতে অভিনয় করেননি তিনি। সুমন ঘোষের গল্পের টানেই সেই দীর্ঘ বিরতি ভেঙেছেন অভিনেতা। ছবিতে শিবপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী এবং বন্ধুর ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুসূয়া মজুমদার, লিলি চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী এবং অনিন্দিতা বসু। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং চিত্রগ্রহণে তূর্য ঘোষ।
বড়দিনের মরসুমে বাংলা ছবির প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে সম্প্রতি টলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তা চলছিল। বিশেষ করে ২৪ ডিসেম্বর শাহরুখ খানের বহু প্রতীক্ষিত হিন্দি ছবি ‘কিং’ (King) এবং দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তি পাওয়ার কথা থাকায়, ‘ফ্যামিলিওয়ালা’-র হল পাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন নির্মাতারা। তবে সম্প্রতি বাংলা ছবির প্রাইম টাইম শো নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ ও ইতিবাচক বৈঠকের পর সব আশঙ্কার মেঘ কেটেছে। ফলে নির্বিঘ্নেই ক্রিসমাসে দর্শকের দরবারে পৌঁছাতে চলেছে সুমন ঘোষ ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পারিবারিক ছবি।
পরিবারের সঙ্গে বসে দেখার মতো একটি সংবেদনশীল ও মন ভালো করা গল্প নিয়ে আসছে ‘ফ্যামিলিওয়ালা’। টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে।




