বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের লড়াই যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। প্রথম দুই ম্যাচের পর তৃতীয় খেলাতেও জয় অধরা রইল বিশ্বচ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ এবং উজবেকিস্তানের জাভোখির সিন্দারভের। তবে আগের দুই ম্যাচের তুলনায় বৃহস্পতিবারের লড়াই ছিল অনেক বেশি জমজমাট। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে দু’জনের মস্তিষ্কের লড়াই। বোর্ডে চালের পর চাল সাজিয়েও শেষ পর্যন্ত প্রতিপক্ষকে হারাতে পারলেন না কেউই। ৬০ চালের লড়াই শেষে ড্র মেনে নিলেন দু’জন। ফলে তিনটি ম্যাচের পরেও সমান জায়গায় দাঁড়িয়ে রইলেন দুই দাবাড়ু। দু’জনেরই সংগ্রহ দেড় পয়েন্ট।
তৃতীয় ম্যাচে শুরু থেকেই ছিল চমকের অপেক্ষা। সাদা ঘুঁটি নিয়ে খেলতে বসেন সিন্দারভ। অন্যদিকে কালো ঘুঁটি সামলানোর দায়িত্ব ছিল গুকেশের। প্রথম চালেই ১.ই৪ খেলেন উজবেক দাবাড়ু। জবাবে গুকেশ বেছে নেন বার্লিন ডিফেন্স। প্রথম ম্যাচেও এই কৌশল ব্যবহার করেছিলেন তিনি। তবে এবার আগের মতো ঘোড়া পিছিয়ে না নিয়ে পঞ্চম চালে নতুন পথ বেছে নেন ভারতীয় বিশ্বচ্যাম্পিয়ন। খেলেন ৫...বিই৭। আর তাতেই অপ্রস্তুত হয়ে পড়েন সিন্দারভ। গুকেশের এই চাল ছিল বার্লিন ডিফেন্সের রিও দে জেনেইরো ভ্যারিয়েশন। অভিজাত স্তরের দাবায় এই কৌশল খুব একটা দেখা যায় না। প্রচলিত বার্লিন এন্ডগেমের মতো দ্রুত ঘুঁটি বিনিময়ের পথে না গিয়ে এই পদ্ধতিতে বোর্ডে দুই পক্ষের রানি থেকেই যায়। ফলে খেলা আরও জটিল এবং কৌশলনির্ভর হয়ে ওঠে।
গুকেশের এই অভিনব পরিকল্পনা ম্যাচে নতুন মাত্রা যোগ করে। খেলার শেষ দিকে দুই দাবাড়ুকেই যথেষ্ট সতর্ক থাকতে হয়। ৪০তম চালের সময় সিন্দারভের ঘড়িতে বাকি ছিল মাত্র ছয় সেকেন্ড। সময়ের চাপে পড়েও পরিস্থিতি সামলে নেন তিনি। অন্যদিকে গুকেশও প্রতিপক্ষকে সহজে কোনও সুযোগ দিতে চাননি। বিপরীত রঙের বিশপ নিয়ে শেষ পর্যায়ের লড়াইয়ে দু’জনেই একাধিক কৌশলী চাল দেন। কখনও সিন্দারভ চাপ তৈরি করেছেন, কখনও আবার গুকেশ পাল্টা চাল দিয়ে পরিস্থিতি সামলেছেন। কিন্তু কেউই প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগাতে পারেননি।
বিশ্বখ্যাত দাবাড়ু পিটার লেকো ম্যাচের সম্প্রচারে জানান, ২০০৪ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে ভ্লাদিমির ক্রামনিকের বিরুদ্ধে খেলার সময় তিনিও রিও দে জেনেইরো ভ্যারিয়েশন নিয়ে প্রস্তুতি নিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত সেই কৌশল ব্যবহার করেননি। তিনটি ম্যাচের পর গুকেশ এবং সিন্দারভের পয়েন্ট এখন ১.৫-১.৫। শুক্রবার বিশ্রামের দিন। শনিবার চতুর্থ ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে খেলবেন গুকেশ। ফলে নতুন করে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন ভারতীয় তারকা। প্রথম দুই ম্যাচে সতর্ক দাবা খেললেও তৃতীয় ম্যাচে অভিনব কৌশলে নিজের প্রস্তুতির পরিচয় দিয়েছেন তিনি। এবার চতুর্থ ম্যাচে কী চাল সাজান গুকেশ, সেদিকেই নজর দাবামহলের।




