আন্তর্জাতিক দৌড়ের মঞ্চে ফের বিশ্বের নজর কাড়তে চলেছে কলকাতা। আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার একাদশ সংস্করণ। বিশ্ব অ্যাথলেটিক্সের স্বীকৃত গোল্ড লেভেলের এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে অংশ নিতে চলেছেন বিশ্বের একাধিক প্রথম সারির দূরপাল্লার দৌড়বিদ। পুরুষ বিভাগে কেনিয়ার ইসাইয়া কিপকোচ লাসোই এবং মহিলা বিভাগে গতবারের চ্যাম্পিয়ন ইথিওপিয়ার দেগিতু আজিমেরাওকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। কলকাতার অনুকূল আবহাওয়ার সম্ভাবনাকে কাজে লাগিয়ে এবার কলকাতার মাটিতে নতুন নজির গড়ার লক্ষ্য নিয়ে নামবেন প্রতিযোগীরা।
এবারের প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ১ লক্ষ ৭৪ হাজার ২৯৬ মার্কিন ডলার। পুরুষ ও মহিলা, দুই বিভাগেই সমান পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। দুই বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পাবেন যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার এবং ৭ হাজার মার্কিন ডলার। এর পাশাপাশি প্রতিযোগিতার নিজস্ব রেকর্ড ভাঙতে পারলে মিলবে অতিরিক্ত ৮ হাজার মার্কিন ডলারের পুরস্কার। পুরুষ বিভাগে অন্যতম আকর্ষণ লাসোই। গত বছর আমস্টারডাম ম্যারাথনে ২ ঘণ্টা ৪ মিনিট ৫৭ সেকেন্ড সময় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। হাফ ম্যারাথনে তাঁর ব্যক্তিগত সেরা সময় ৫৮ মিনিট ১০ সেকেন্ড। ২০২৫ সালে বস্টন হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০২৬ সালে গুয়াদালাহারা হাফ ম্যারাথনে দ্বিতীয় হয়েছিলেন এই কেনিয়ান দৌড়বিদ। কলকাতায় এটাই তাঁর প্রথম ২৫ কিলোমিটার দৌড়। ফলে নতুন দূরত্বে তাঁর পারফরম্যান্স দেখার অপেক্ষায় থাকবেন ক্রীড়াপ্রেমীরা।
তবে পুরুষ বিভাগে লাসোইয়ের সামনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারেন উগান্ডার স্টিফেন কিসা। ২০২৪ সালে কলকাতার এই প্রতিযোগিতাতেই ১ ঘণ্টা ১২ মিনিট ৩৩ সেকেন্ড সময় করে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তানজানিয়ার গ্যাব্রিয়েল জেরাল্ড গেয়াও রয়েছেন প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ। ২০২৬ সালের বার্লিন ম্যারাথনে ব্রোঞ্জ জিতেছেন তিনি। কেনিয়ার ব্রায়ান কিবোর আকোটির এবং জেমস কিপকোগেইও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নামছেন। মহিলা বিভাগে নজর থাকবে গতবারের চ্যাম্পিয়ন দেগিতু আজিমেরাওয়ের দিকে। গত বছর ১ ঘণ্টা ১৯ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয়েছিলেন তিনি। এবার নিজের খেতাব ধরে রাখার পাশাপাশি প্রতিযোগিতার রেকর্ড ভাঙার লক্ষ্যও রয়েছে তাঁর। ২০২৬ সালের লন্ডন ম্যারাথনে চতুর্থ স্থান অর্জন করেছেন এই ইথিওপিয়ান দৌড়বিদ। তবে তাঁকে সহজে ছেড়ে কথা বলবেন না কেনিয়ার এভালিন চিরচির এবং বিট্রিস জেপচিরচির। হাফ ম্যারাথনে চিরচিরের ব্যক্তিগত সেরা সময় ১ ঘণ্টা ৬ মিনিট ১ সেকেন্ড।
মহিলা বিভাগে আরও রয়েছেন উগান্ডার স্টেলা চেসাং। ২০২৬ সালের ওসাকা ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়া এই দৌড়বিদ একসময় কমনওয়েলথ গেমসে ১০ হাজার মিটারেও সোনা জিতেছিলেন। গতবারের তৃতীয় স্থানাধিকারী ইথিওপিয়ার মেসেলেচ আলেমায়েহু এবং অভিজ্ঞ দৌড়বিদ টাইগিস্ট তেসেমাও প্রতিযোগিতার আকর্ষণ বাড়াবেন।
উল্লেখ্য, পুরুষ বিভাগে ২০২৩ সালে কেনিয়ার ড্যানিয়েল সিমিউ এবেনিও ১ ঘণ্টা ১১ মিনিট ১৩ সেকেন্ড সময় করে প্রতিযোগিতার রেকর্ড গড়েছিলেন। বিশ্বসেরা দৌড়বিদ এলিউড কিপচোগের বিশ্বসেরা সময়ের চেয়ে মাত্র পাঁচ সেকেন্ড বেশি ছিল সেটি। মহিলা বিভাগে ইথিওপিয়ার সুতুমে আসেফা কেবেদের দখলে রয়েছে ১ ঘণ্টা ১৮ মিনিট ৪৭ সেকেন্ডের রেকর্ড। এবার সেই নজির ভাঙতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে থাকবে কলকাতা। সব মিলিয়ে ২০ ডিসেম্বর শহরের রাস্তায় আন্তর্জাতিক মানের এক জমজমাট দৌড়ের আসর বসতে চলেছে।




