২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের স্বপ্নপূরণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ভারত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ফিউচার হোস্ট কমিশনের সামনে নিজেদের রূপকল্প এবং প্রস্তাবিত কর্মপরিকল্পনা তুলে ধরেছে ভারতীয় প্রতিনিধি দল। বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত এই বৈঠকে সম্ভাব্য আয়োজক শহর আমদাবাদের ক্রীড়া পরিকাঠামো, নতুন ক্রীড়া কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতার বিষয়গুলি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তবে এখনও চূড়ান্ত আয়োজক হিসেবে ভারতের নাম ঘোষণা হয়নি। সেই জন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ পেরোতে হবে।
ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে জানানো হয়েছে, প্রায় ৩০ মিনিট ধরে চলে ভারতের মূল উপস্থাপনা। এরপর আইওসির ফিউচার হোস্ট কমিশনের নয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে আরও ২০ মিনিট আলোচনা হয়। এই কমিশনের নেতৃত্বে ছিলেন ক্রোয়েশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি কলিন্দা গ্রাবার-কিতারোভিচ। বৈঠকে ভারতের পক্ষ থেকে আমদাবাদে বর্তমানে থাকা ক্রীড়া পরিকাঠামো এবং প্রস্তাবিত নতুন প্রতিযোগিতার ভেন্যু তৈরির পরিকল্পনা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়। আন্তর্জাতিক স্তরের বড় প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়। এই উপস্থাপনায় ভারতের হয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য, ক্রীড়া সচিব হরি রঞ্জন রাও, ভারতীয় অলিম্পিক সংস্থার বিদায়ী সভাপতি পি টি ঊষা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে ভারতের প্রতিনিধি নীতা আম্বানি এবং আইওএ অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন তথা ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। এছাড়াও গুজরাট সরকারের মন্ত্রী হর্ষ সাংভি, আইওএ-র প্রধান কার্যনির্বাহী আধিকারিক রঘুরাম আইয়ার-সহ একাধিক আধিকারিক বৈঠকে অংশ নেন।
ভারতের বক্তব্য, অলিম্পিকের মতো বিশাল আয়োজন সফল করতে কেন্দ্রীয় সরকার, গুজরাট সরকার এবং স্থানীয় প্রশাসনের পূর্ণ সহযোগিতা রয়েছে। আমদাবাদকে কেন্দ্র করে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও সেই প্রস্তুতির অংশ। তবে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারত একা নয়। জার্মানি, হাঙ্গেরি, কাতার, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্কও এই প্রতিযোগিতায় রয়েছে। তুরস্ক ইতিমধ্যেই ফিউচার হোস্ট কমিশনের সামনে নিজেদের প্রথম উপস্থাপনা করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এবার শুরু হবে বিডকারী দেশগুলির সঙ্গে কৌশলগত আলোচনা। সম্ভাব্য আয়োজকদের প্রাথমিক প্রশ্নমালার উত্তর এবং আর্থিক নিশ্চয়তা সংক্রান্ত নথি জমা দিতে হবে। পাশাপাশি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ভারতে একটি জনমত সমীক্ষা চালানোর পরিকল্পনাও রয়েছে আইওসির। সেই সমীক্ষার ফলাফল ২০২৭ সালের মার্চে মূল্যায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। অর্থাৎ অলিম্পিক আয়োজনের স্বপ্ন পূরণে ভারত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনও অপেক্ষা করতে হবে।




