সমুদ্রের ঢেউ আর মনোরম সৈকতের আকর্ষণে প্রতি বছরই পর্যটকদের ভিড় জমে দিঘায়। এবার পর্যটকদের জন্য আরও বড় চমক অপেক্ষা করছে। শুধু সমুদ্র দর্শন নয়, দিঘায় ঘুরতে গিয়ে এবার দেখা মিলতে পারে নানা ধরনের বন্যপ্রাণীরও। সৈকত শহরে চিড়িয়াখানা তৈরির পরিকল্পনা নিয়েছে প্রশাসন। পাশাপাশি নতুন করে চালু হতে চলেছে সর্প উদ্যান বা স্নেক গার্ডেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটন মানচিত্রে দিঘার আকর্ষণ আরও কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।
প্রশাসনিক সূত্রে খবর, নিউ দিঘায় ওডিশা সীমানার কাছাকাছি ‘দিঘাশ্রী’-র উল্টোদিকে ঝাউবন এলাকায় চিড়িয়াখানা তৈরির জন্য প্রাথমিকভাবে জমি চিহ্নিত করা হয়েছে। প্রায় ২০ একর জমি এই প্রকল্পের জন্য প্রস্তাবিত। কয়েক দিন আগেই বন দপ্তরের আধিকারিক এবং প্রশাসনের প্রতিনিধিরা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। জমি পরিদর্শনের পর একটি রিপোর্টও তৈরি করা হয়েছে। সেটি দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে জমা দেওয়া হবে।
কাঁথি মহকুমা বন দপ্তরের আধিকারিক অতুলপ্রসাদ দে জানিয়েছেন, রাজ্য সরকারের লক্ষ্য দিঘাকে আরও বড় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা। সেই পরিকল্পনারই অংশ এই চিড়িয়াখানা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর থেকেই প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
কী কী প্রাণী দেখা যাবে নতুন চিড়িয়াখানায়? প্রশাসনিক স্তরে প্রাথমিক আলোচনায় হাতি, হরিণ এবং জলহস্তির মতো প্রাণী রাখার পরিকল্পনা রয়েছে। এমনকী, লেপার্ড রাখার বিষয়টিও ভাবনাচিন্তার মধ্যে রয়েছে। তবে কোন কোন প্রাণী শেষ পর্যন্ত চিড়িয়াখানায় জায়গা পাবে, তা এখনও চূড়ান্ত হয়নি। উপকূলীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবে, এমন পশুপাখি রাখার উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
চিড়িয়াখানার পাশাপাশি পুরোনো সর্প উদ্যানটিও নতুন করে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, দিঘায় আগে একটি সর্প উদ্যান ছিল। কিন্তু বিভিন্ন কারণে সেটি বন্ধ হয়ে যায়। এবার সেটিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। প্রশাসনের এই উদ্যোগে খুশি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মহল। কারণ দিঘার পর্যটনের উপর নির্ভরশীল হোটেল ব্যবসায়ী, দোকানদার, হকার থেকে শুরু করে পরিবহণকর্মীরা। নতুন চিড়িয়াখানা ও সর্প উদ্যান চালু হলে পর্যটকদের থাকার সময় বাড়তে পারে। ফলে হোটেল, রেস্তরাঁ এবং স্থানীয় ব্যবসাতেও বাড়তি আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। জগন্নাথ মন্দিরের পর এবার চিড়িয়াখানা সব মিলিয়ে দিঘাকে সমুদ্রসৈকতের গণ্ডি ছাড়িয়ে পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা কতটা সফল হয়, এখন সেটাই দেখার।




