মুজফফরপুর (বিহার): গঙ্গা স্নান ও কার্তিক পূর্ণিমার উপচে পড়া ভিড়ে ট্রেনে উঠতে না পেরে মেজাজ হারিয়ে চলন্ত ট্রেনের দিকে চপ্পল ছুড়ে মারলেন এক নারী যাত্রী। বিহারের মুজফফরপুর জেলার কপারপুরা (কাপড়পুরা) রেলওয়ে স্টেশনের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিডিওটি নজরে আসার পরই বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে আমলে নিয়ে তদন্ত শুরু করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ও রেল পুলিশ। রেল পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কার্তিক পূর্ণিমা উপলক্ষে পুণ্যস্নান সারতে প্রচুর মানুষ ট্রেনে যাতায়াত করছিলেন, যার ফলে প্রতিটি ট্রেনেই তিল ধারণের জায়গা ছিল না। এই ভিড়ের মধ্যেই মুজফফরপুর-নরকাটিয়াগঞ্জ রুটের ৬৩৩০৯ নম্বর প্যাসেঞ্জার ট্রেনটি কপারপুরা স্টেশনে এসে দাঁড়ায়।
কামরায় প্রচণ্ড ভিড় থাকায় স্টেশনে অপেক্ষমাণ দুজন নারী এবং তাঁদের সঙ্গে থাকা দুই শিশু ট্রেনে উঠতে পারেননি। নির্ধারিত বিরতির পর ট্রেনটি স্টেশন ছেড়ে চলতে শুরু করলে প্ল্যাটফর্মে আটকে পড়া ওই নারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের সঙ্গে তাঁদের তীব্র বচসা শুরু হয়। একপর্যায়ে হালকা ধূসর রঙের শাড়ি পরা এক নারী চরম উত্তেজিত হয়ে চিৎকার করতে থাকেন এবং নিজের পায়ের চপ্পল খুলে চলন্ত ট্রেনের যাত্রীদের দিকে ছুড়ে মারেন। ট্রেনের ভেতরে থাকা এক সহযাত্রী পুরো ঘটনাটি নিজের মোবাইল ফোনে ধারণ করেন, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
https://x.com/ndtv/status/2126199984412557622/video/1?a=-urTdNOWAMUwuzTc4lI&s=19
ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর শুরুতে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার গুজব ছড়িয়ে পড়েছিল। তবে বিষয়টি স্পষ্ট করেছেন মুজফফরপুরের রেল পুলিশ সুপার (রেল এসপি) বীণা কুমারী। তিনি জানান, কার্তিক পূর্ণিমার অতিরিক্ত ভিড়ের কারণে ওই দুই নারী ও শিশুরা ট্রেনে উঠতে পারেননি। মূলত চলন্ত ট্রেনটিকে থামানোর উদ্দেশ্যে এবং ক্ষোভের বশে তাঁরা চপ্পল ছুড়েছিলেন। আরপিএফের প্রাথমিক তদন্তে ট্রেনে ইট বা পাথর ছোড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই ঘটনায় ট্রেনের কোনো যাত্রী আহত হননি এবং রেলের সম্পত্তিরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রেল পুলিশ আরও জানিয়েছে, ভাইরাল ভিডিও ফুটেজ খতিয়ে দেখে সংশ্লিষ্ট নারীদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর রেলওয়ে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎসবের মরসুমে স্টেশনগুলোতে যাত্রীদের অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।




