বিশেষ প্রতিবেদন: জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু তাপমাত্রা বৃদ্ধি, বরফ গলা কিংবা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। বদলে যেতে পারে প্রকৃতির গন্ধও। বনভূমি, গাছপালা এবং ফুলের চারপাশের বাতাসে ছড়িয়ে থাকা রাসায়নিক উপাদানের চরিত্র পাল্টে গেলে তার প্রভাব পড়তে পারে গোটা বাস্তুতন্ত্রে। বিশেষ করে ফুলের গন্ধ অনুসরণ করে খাদ্য সংগ্রহ করা পতঙ্গদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। ফুল ও পরাগবাহীদের মধ্যে যে রাসায়নিক যোগাযোগের ব্যবস্থা রয়েছে, উষ্ণ পৃথিবীতে তা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
গাছপালার কাছাকাছি গেলে যে স্বাভাবিক সুগন্ধ পাওয়া যায়, তার পিছনে রয়েছে একাধিক রাসায়নিক উপাদান। বাতাসে সহজে মিশে যেতে পারে এমন কার্বনযুক্ত অণুকে বলা হয় উদ্বায়ী জৈব যৌগ বা ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস (ভিওসি)। সাধারণ তাপমাত্রাতেই এই যৌগগুলি বাষ্পীভূত হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে। বনভূমি থেকে বাগান—প্রাকৃতিক পরিবেশের গন্ধ তৈরিতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
গাছের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা
সিডার ও পাইন গাছের মতো শঙ্কু আকৃতির বৃক্ষ প্রচুর পরিমাণে ভিওসি তৈরি করে। শাল এবং কারিপাতার গাছও এই ধরনের যৌগের গুরুত্বপূর্ণ উৎস। গাছের কাছে এই রাসায়নিক পদার্থ শুধু সুগন্ধ তৈরির উপাদান নয়, বরং আত্মরক্ষার হাতিয়ারও। পোকামাকড় ও রোগজীবাণুর আক্রমণ ঠেকাতে সাহায্য করে এগুলি।
তীব্র গরম কিংবা খরার সময় জল ও তাপজনিত চাপ সামলাতেও কিছু ভিওসি গাছকে সাহায্য করে। অর্থাৎ পরিবেশের প্রতিকূল পরিস্থিতিতে গাছের টিকে থাকার কৌশলের সঙ্গে এই রাসায়নিক যৌগের সম্পর্ক রয়েছে।
বিপদের সংকেত পাঠায় গাছও
গাছের মধ্যে রাসায়নিক যোগাযোগের ব্যবস্থাও রয়েছে। কোনও গাছ রোগজীবাণুর আক্রমণের শিকার হলে নির্দিষ্ট রাসায়নিক সংকেত বাতাসে ছড়িয়ে দিতে পারে। সেই সংকেতের মাধ্যমে আশপাশের গাছগুলিও সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক হওয়ার সুযোগ পায়। কিছু ভিওসি-র আবার জীবাণুনাশক বৈশিষ্ট্য রয়েছে। পাইন ও সিডারের মতো শঙ্কু আকৃতির গাছে থাকা মনোটারপিন আক্রমণকারী জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। কোনও গাছের অংশ ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে অ্যালডিহাইড নামের রাসায়নিক পদার্থ নিঃসৃত হতে পারে। এই উপাদান ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধে ভূমিকা নেয়।
বদলে যাওয়া গন্ধে বিপাকে পতঙ্গ
ফুলের গন্ধের উপর নির্ভর করেই বহু পতঙ্গ খাবারের উৎস খুঁজে পায়। মৌমাছি-সহ বিভিন্ন পরাগবাহী পতঙ্গ ফুলের রাসায়নিক সংকেত অনুসরণ করে মধু ও পরাগ সংগ্রহ করে। কিন্তু তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ুর পরিবর্তনের ফলে বাতাসে থাকা গন্ধের রাসায়নিক বিন্যাস বদলে গেলে তাদের পক্ষে নির্দিষ্ট ফুল খুঁজে পাওয়া কঠিন হতে পারে।
ফুল ও পতঙ্গের এই যোগাযোগ ব্যাহত হলে পরাগসংযোগের উপরেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পরাগবাহী পতঙ্গের সাহায্যে বহু উদ্ভিদের প্রজনন সম্পন্ন হয়। ফলে তাদের খাদ্য সংগ্রহের পথ জটিল হয়ে উঠলে তার প্রভাব পড়তে পারে উদ্ভিদের বংশবিস্তার এবং বৃহত্তর বাস্তুতন্ত্রে।
জাপানে 1980-এর দশকে জনপ্রিয় হয়েছিল ‘শিনরিন-ইয়োকু’ বা বনস্নানের ধারণা। বনভূমির মধ্যে কিছু সময় কাটিয়ে প্রকৃতির গন্ধ, শব্দ ও পরিবেশ অনুভব করাকে বলা হয় বনস্নান। এমনকি প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চার অংশ হিসেবেও কোথাও কোথাও এই পদ্ধতির ব্যবহার হয়। উত্তরাখণ্ডের রানিখেতের কাছে বন দফতরও একটি বন-নিরাময় কেন্দ্র গড়ে তুলেছে, যেখানে দর্শনার্থীদের মোবাইল ফোন সরিয়ে রেখে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে উৎসাহ দেওয়া হয়।
কিন্তু যে বনভূমির গন্ধ মানুষকে প্রশান্তি দেয়, সেই গন্ধের রাসায়নিক জগতও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যেতে পারে। প্রকৃতির এই অদৃশ্য পরিবর্তন কতটা গভীর প্রভাব ফেলবে, তা বোঝার জন্য গাছপালা, বাতাস এবং পরাগবাহী পতঙ্গের পারস্পরিক সম্পর্ক নিয়ে আরও গবেষণার প্রয়োজন।




