নিউজ ডেস্ক: কর্মক্ষেত্রে কর্তৃত্বের অপব্যবহার, দুর্ব্যবহার এবং এক কর্মীর সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগ ঘিরে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার ছাতনা। স্বাস্থ্য কেন্দ্রের ভিতর ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে শুরু হয় অসন্তোষ, যা পরের দিন গড়ালো প্রকাশ্য বিক্ষোভে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, সরকারি দফতরের দরজাতেই তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের ক্ষোভের কেন্দ্রে রয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।
ছাতনা ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্চনা কুন্ডুর পদত্যাগের দাবিতে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৫০ জনেরও বেশি ANM নার্স কর্মী। ছাতনা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে তাঁরা দীর্ঘক্ষণ ধরে প্রতিবাদ জানায়। শুধু স্লোগান দিয়েই ক্ষান্ত হননি বিক্ষোভকারীরা, স্বাস্থ্য দফতরের গেটে তালা লাগিয়েও নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এবং তাঁকে অবিলম্বে তাঁর পদ ত্যাগ করতে হবে।
বিক্ষোভকারী ANM কর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার কমলপুর আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য কেন্দ্রে যান BMOH অর্চনা কুন্ডু। সেখানে ANM নার্স রিনা রক্ষিতের সঙ্গে তিনি অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের দাবি, ওই কর্মীর ওড়না খুলে দেওয়ার পাশাপাশি তাঁর শাড়ি খুলে ফেলার হুমকিও দেওয়া হয়। এমন ঘটনার পর কর্মক্ষেত্রে নিজেদের নিরাপত্তা এবং সম্মান নিয়ে প্রশ্ন তুলেছেন ANM কর্মীরা। তাঁদের বক্তব্য, একজন স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনওভাবেই প্রত্যাশিত নয়।
এই ঘটনার প্রতিবাদেই ছাতনা ব্লকের বিভিন্ন ANM কর্মী একজোট হয়ে আন্দোলনে নামেন। তাঁদের স্পষ্ট দাবি, শুধুমাত্র আশ্বাসে কাজ হবে না, অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন BMOH অর্চনা কুন্ডু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, "আমি কোনও অশালীন ব্যবহার করিনি। ক্ষমা চেয়ে মেসেজ করেছি।" তাঁর এই বক্তব্যের পরেও অবশ্য ANM কর্মীদের ক্ষোভ কমেনি।
একদিকে, সহকর্মীর সম্মানহানির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন স্বাস্থ্য কর্মীরা অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্বাস্থ্য আধিকারিক। ফলে ছাতনা ব্লক স্বাস্থ্য দফতরকে ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। এখন প্রশাসন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেয় এবং সংশ্লিষ্ট ঘটনার নিরপেক্ষ তদন্ত হয় কি না, সেদিকেই নজর রয়েছে।




