বাবা ভারতীয় টেনিসের কিংবদন্তি। অলিম্পিক্সে পদক জয়ের পাশাপাশি ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে জিতেছেন ১৮টি গ্র্যান্ড স্ল্যাম। সেই লিয়েন্ডার পেজের মেয়ে আয়ানা পেজের টেনিসের হাতেখড়ি অবশ্য ব্রিটেনের হয়ে। তবে ভবিষ্যতে ভারতের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখছেন ২০ বছরের এই তরুণী। কলকাতায় এসে সেই ইচ্ছার কথাই জানালেন লিয়েন্ডার ও অভিনেত্রী রিয়া পিল্লাইয়ের কন্যা।
কলকাতার বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের কোর্টে এইচসিএল আইটিএফ ডব্লিউ১৫ প্রতিযোগিতায় ওয়াইল্ড কার্ড পেয়েছিলেন আয়ানা। ভারতের আরজান খোরাকিওয়ালার সঙ্গে জুটি বেঁধে ডাবলসে নেমেছিলেন তিনি। ভারতীয় মাটিতে এটাই ছিল তাঁর প্রথম পেশাদার টেনিস প্রতিযোগিতা। তবে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে এই জুটিকে। দক্ষিণ কোরিয়ার ওনিউ চোই এবং রাশিয়ার মারিয়া পাঙ্করাতোভার কাছে ১-৬, ২-৬ ব্যবধানে হেরে যান তাঁরা।
হারলেও ম্যাচে লড়াই করেছেন আয়ানা। বেশ কয়েকটি গেম গড়িয়েছে ডিউস পর্যন্ত। ম্যাচের পর তিনি বলেন, ‘আমরা ভালই খেলেছি। অনেক গেম ডিউস পর্যন্ত গিয়েছে। তবে গুরুত্বপূর্ণ সময়ে কিছুটা সমস্যা হয়েছে।’ বাবার উপস্থিতিও যে তাঁকে বাড়তি আত্মবিশ্বাস জোগায়, তা জানিয়েছেন আয়ানা। বিশেষ করে ডাবলসে লিয়েন্ডারের পরামর্শ তাঁর কাছে অত্যন্ত মূল্যবান। গত তিন বছর ধরে বার্সেলোনার গোমেজ টেনিস অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন আয়ানা। ২০২৫ সাল থেকে পেশাদার টেনিসে পা রেখেছেন। পাশাপাশি অনলাইনে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলে ব্যবসায়িক শিক্ষাও চালিয়ে যাচ্ছেন।
ভবিষ্যতে ভারতের হয়ে খেলার সম্ভাবনা নিয়ে আয়ানার বক্তব্য, ‘আশা করি, আমরা একটা উপায় বার করতে পারব। ভারতের হয়ে খেলতে পারলে দারুণ লাগবে। সব কিছু ঠিকঠাক এগোলে অবশ্যই ভারতের হয়ে খেলতে চাই।’ তবে সেই স্বপ্ন পূরণের পথে রয়েছে নাগরিকত্ব ও যোগ্যতার নিয়মের বাধা। আয়ানা ব্রিটিশ নাগরিক। ভারতের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত নীতি এবং ওসিআই কার্ডধারীদের খেলাধুলায় প্রতিনিধিত্ব করার যোগ্যতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। ফলে আপাতত ব্রিটেনের হয়েই খেলতে হচ্ছে তাঁকে।
মুম্বইয়ে শৈশব কাটলেও কলকাতার সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে আয়ানার। তাঁর কথায়, ‘কলকাতা এখন আমার দ্বিতীয় বাড়ির মতো। এখানে খেলতে খুব ভাল লেগেছে।’ তাঁর আদর্শ সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচ। বিশেষ করে জকোভিচের মানসিক দৃঢ়তা তাঁকে অনুপ্রাণিত করে।




