স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর আগে দলকে নতুন করে সাজানোর পথে পাঞ্জাব কিংস। গত মরসুমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর এবার কোচিং বিভাগেও বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল ফ্র্যাঞ্চাইজি। নতুন মরসুমের জন্য বোলিং কোচ হিসেবে পরশ মামব্রেকে এবং ফিল্ডিং কোচ হিসেবে রাজীব কুমারকে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাঞ্জাব। তাঁদের নিয়োগ হলে আগের মরসুমের কোচিং দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য জেমস হোপস এবং ব্র্যাড হ্যাডিনের জায়গায় দেখা যাবে নতুন মুখ।
গত মাসেই অস্ট্রেলিয়ার এই দুই প্রাক্তন ক্রিকেটার যথাক্রমে বোলিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব ছেড়েছেন। পরশ মামব্রের নিয়োগ বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটেছে। এবার নতুন দায়িত্বে পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলিং কোচ হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ৫৪ বছর বয়সি মামব্রের।
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাহুল দ্রাবিড়ের কোচিং জমানায় ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর প্রশিক্ষণে ভারতীয় বোলিং বিভাগ একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। পাঞ্জাবের প্রধান কোচ রিকি পন্টিংয়ের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে মামব্রের। ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সে পন্টিংয়ের অধীনে কাজ করেছিলেন তিনি। ফলে পাঞ্জাবের নতুন কোচিং ব্যবস্থায় তাঁদের পুরনো বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, রাজীব কুমার এর আগে চেন্নাই সুপার কিংসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি তাঁকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার পাঞ্জাবের ফিল্ডিং বিভাগকে শক্তিশালী করার দায়িত্ব পেতে চলেছেন তিনি। নতুন মরসুমে দলের ফিল্ডিংয়ের মান উন্নত করাই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, এখনও পর্যন্ত আইপিএল খেতাব জিততে পারেনি পাঞ্জাব কিংস। ২০১৪ এবং ২০২৫ সালে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত স্বপ্নপূরণ হয়নি। শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন দল গত মরসুমে পঞ্চম স্থানে শেষ করেছিল। ফলে প্লে-অফেও জায়গা হয়নি। প্রথম আইপিএল ট্রফির লক্ষ্যে এবার কোচিং বিভাগে নতুন সাজে মাঠে নামতে চাইছে পাঞ্জাব। অভিজ্ঞ কোচদের হাত ধরে আগামী মরশুমে সাফল্যের খরা কাটে কি না, এখন সেটাই দেখার।




