স্পোর্টস ডেস্ক: বিশ্ব দাবার সিংহাসনে বসা যতটা কঠিন, সেই মুকুট ধরে রাখা তার চেয়েও বড় চ্যালেঞ্জ। এবার সেই কঠিন পরীক্ষার মুখে ভারতের ডি গুকেশ। বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ উজবেকিস্তানের জাভোখির সিনদারভ। মঙ্গলবার থেকে সুইজারল্যান্ডের জেনেভার কাছে কোলোনিতে শুরু হচ্ছে দু’জনের চৌদ্দ গেমের লড়াই। একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের অভিজ্ঞতা, অন্যদিকে দুরন্ত ফর্মে থাকা এক তরুণ দাবাড়ু। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এগিয়ে সিনদারভ। কিন্তু বিশ্বখেতাবের লড়াইয়ে পরিসংখ্যানই শেষ কথা নয়, তা ভালভাবেই জানেন গুকেশ।
২০২৪ সালে মাত্র ১৮ বছর বয়সে চিনের ডিং লিরেনকে হারিয়ে সর্বকনিষ্ঠ অবিসংবাদিত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। সেই ম্যাচে প্রথম গেমেই হেরে গিয়েছিলেন তিনি। কিন্তু চাপের মুখে ভেঙে না পড়ে লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত ১৪তম গেমে ডিংয়ের বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৭.৫-৬.৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। এবার সেই মুকুট ধরে রাখার লড়াইয়ে নামার আগে আবারও মানসিক দৃঢ়তার পরীক্ষায় বসতে হবে তাঁকে।
তবে এবারের লড়াইয়ে গুকেশের সামনে চ্যালেঞ্জ আরও কঠিন। সাম্প্রতিক সময়ে তাঁর রেটিং ও বিশ্ব ক্রমতালিকায় অবনতি হয়েছে। অন্যদিকে, একের পর এক প্রতিযোগিতায় সাফল্য পেয়ে বিশ্বের প্রথম পাঁচ দাবাড়ুর মধ্যে জায়গা করে নিয়েছেন সিনদারভ। দু’জনের রেটিংয়ের ব্যবধানও প্রায় ৭২ পয়েন্ট।
বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন সিনদারভকে এই লড়াইয়ে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রেখেছেন। তাঁর মতে, উজবেক দাবাড়ুর খেলার মধ্যে ভারসাম্য বেশি। গুকেশের চালের মূল্যায়নে অতিরিক্ত আশাবাদী হওয়ার প্রবণতাও তাঁর চোখে পড়েছে।
তবে সিনদারভের সাম্প্রতিক ফর্ম নিয়ে সতর্ক করেছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নশিপ প্রতিযোগী ইয়ান নেপোমনিয়াচ্চি। তাঁর মতে, এই মুহূর্তে সিনদারভ এগিয়ে থাকলেও সাম্প্রতিক সাফল্যের ঢেউ সব সময় একইভাবে বজায় থাকে না। অন্যদিকে, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপারভের মতে, অভিজ্ঞতা গুকেশের বড় সম্পদ হতে পারে।
নিজের খারাপ সময়ের কথা স্বীকার করলেও গুকেশ আত্মবিশ্বাস হারাতে চান না। তাঁর কথায়, তিনি খেতাব রক্ষা করতে নয়, আবারও সব জিততে বোর্ডে বসবেন। অর্থাৎ, প্রতিপক্ষের ফর্ম যতই ভাল হোক, লড়াইয়ের শুরুতেই আত্মসমর্পণ করতে নারাজ ভারতীয় তারকা। এবার চৌদ্দ গেমের দীর্ঘ লড়াইয়ে গুকেশের অভিজ্ঞতা কি হার মানাবে সিনদারভের দুরন্ত ফর্মকে? উত্তর মিলবে জেনেভার দাবার বোর্ডেই।




