নিউজ ডেস্ক: রোগী চিকিৎসার অন্যতম মাধ্যম হাসপাতাল। আর এই হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জায়গায় কর্তব্যরত পুলিশকর্মীরাই যদি আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই। শিলিগুড়ি জেলা হাসপাতালে পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগ ঘিরে এবার তদন্তে আরও এক ধাপ এগোল পুলিশ। ঘটনার পর এক অভিযুক্তকে গ্রেফতারের পর এবার পুলিশের জালে আরও এক যুবক। মঙ্গলবার রাতে ডাবগ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতের নাম শান্তনু অধিকারী। বয়স ২৩ বছর। তিনি মধ্য শান্তিনগরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি জেলা হাসপাতালের পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশকর্মীদের সঙ্গে এক রোগীর পরিবারের সদস্যদের বচসাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, প্রথমে কথা কাটাকাটি শুরু হলেও পরবর্তীতে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কর্তব্যরত পুলিশকর্মীদের উপর চড়াও হন কয়েকজন। তাঁদের মারধর করার পাশাপাশি পুলিশের লাঠি কেড়ে নিয়ে হামলা চালানোরও অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ি থানায় ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী ছিলেন হাসপাতালের পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশকর্মীরা। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ। আর তাতেই মেলে সাফল্য।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে বিজয় ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সোমবার তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। এরপর তদন্তের সূত্র ধরে মঙ্গলবার রাতে ডাবগ্রাম এলাকা থেকে দ্বিতীয় অভিযুক্ত শান্তনু অধিকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ওই দুই অভিযুক্ত এখন পুলিশের হেফাজতে।
তবে এখানেই শেষ নয়। এই ঘটনায় আরও কারা জড়িত, কীভাবে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল এবং হামলার পিছনে ঠিক কী কারণ ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাকি অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য তল্লাশি শুরু হয়েছে। পুলিশ তৎপরতার সঙ্গে সমস্ত দিক খতিয়ে দেখছে।
হাসপাতালের ভিতরে চিকিৎসা পরিষেবা ও নিরাপত্তা বজায় রাখার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের উপর এমন হামলার অভিযোগ স্বাভাবিকভাবেই নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এখন তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে। যারা মানুষের জন্য সবসময় এগিয়ে আসেন যাদের উপর মানুষের নিরাপত্তার দায়িত্ব সেই সমস্ত পুলিশকর্মীদের উপরেই হচ্ছে হামলা। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই সর্বত্র শোরগোল পড়ে গিয়েছে।




