নিউজ ডেস্ক: খেলার ছলেই ঘটে গেল এক বড়সড় বিপত্তি। সামান্য অসাবধানতায় গুরুতর আহত হল এক পড়ুয়া। প্লাস্টিকের খেলনা বন্দুকের গুলিতে আহত হয় ওই পড়ুয়া। কানের ভেতরে ঢুকে যায় প্লাস্টিকের গুলি যন্ত্রণায় ছটফট করতে থাকে ওই ছাত্র। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য শেষ পর্যন্ত কলকাতায় স্থানান্তর করতে হয়। আর এই ঘটনাকে ঘিরেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালদি এলাকার বাসিন্দা ওই ছাত্র স্থানীয় একটি হাইস্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে। সোমবার রাতে বাড়িতে প্লাস্টিকের খেলনা বন্দুক নিয়ে খেলছিল সে। সেই সময় আচমকাই বন্দুকে প্লাস্টিকের গুলি ভরে নিজের বাম কানে তাক করে গুলি চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই গুলি কানের ভিতরে ঢুকে যায়। এরপর তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়ে ওই পড়ুয়া।
ছাত্রের এই অবস্থা দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। দেরি না করে তাঁরা তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে কানের ভিতরে প্লাস্টিকের গুলি ঢুকে যাওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেয়। কানের ভিতরে আটকে থাকা বস্তুটি নিরাপদে বের করা এবং সম্ভাব্য ক্ষতির বিষয়টি খতিয়ে দেখার জন্য তাকে উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে ওই ছাত্রকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
খেলনা বন্দুক নিয়ে খেলতে গিয়ে এমন বিপজ্জনক ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। এই ধরনের বিপদজনক খেলনা শিশুদের হাতে অভিভাবকের তরফ থেকে কেন দেওয়া হয় তা নিয়েও উঠছে প্রশ্ন। আপাতত কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ওই পড়ুয়া। তার চিকিৎসা চলছে সেখানেই। ঘটনার পর থেকে পরিবারের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সামান্য একটা খেলনা। আরে খেলনা নিয়েই নিজের মনে খেলছিল ওই অষ্টম শ্রেণীর পড়ুয়া। আর তা থেকেই বড় বিপদের মুখে পড়তে হলো ওই পড়ুয়াকে। সে ভাবতেই পারেনি তার সামান্য ভুলে এতখানি বিপদ ঘটে যেতে পারে। সাধারণত শিশু-কিশোরদের বিনোদনের অন্যতম উপকরণ খেলনা বন্দুক। কিন্তু সামান্য অসাবধানতায় সেই খেলনাই যে বিপদের কারণ হয়ে উঠতে পারে, এই ঘটনা ফের তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।




