নিউজ ডেস্ক: ডিজিটাল লেনদেনের সুবিধা যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে সাইবার জালিয়াতদের দৌরাত্ম্য। চোখের নিমেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাওয়ার মতো ঘটনা এখন প্রায়ই শোনা যায়। এই বিপদ থেকে সাধারণ গ্রাহকদের সুরক্ষা দিতে এবার এক অভিনব ও কার্যকরী পদক্ষেপের কথা ভাবছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক । জালিয়াতির আঁচ পেলেই গ্রাহকরা যাতে নিজেরাই মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট থেকে টাকা বেরোনো আটকাতে পারেন, সেজন্য ব্যাঙ্কগুলিকে ‘স্টপ সুইচ’ নামের একটি বিশেষ সুবিধা চালু করার প্রস্তাব দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।
আরবিআই-এর ‘কাস্টমার প্রোটেকশন ইন ফ্রডুলেন্ট ইলেকট্রনিক ব্যাঙ্কিং ট্রানজ্যাকশনস’ শীর্ষক সংশোধিত নির্দেশিকা বা কাঠামোর অংশ হিসেবেই এই নতুন প্রস্তাব আনা হয়েছে। মূলত, অননুমোদিত ইলেকট্রনিক লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের আর্থিক দায়বদ্ধতা সীমিত করার যে পুরনো নিয়ম রয়েছে, তাকে আরও মজবুত ও প্রতিরোধমূলক করতেই এই উদ্যোগ।
রিজার্ভ ব্যাঙ্কের মতে, জালিয়াতি ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে তা আগেভাগে রুখে দেওয়া জরুরি। আর সেই কারণেই ডিজিটাল পেমেন্ট চ্যানেলগুলি ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ তুলে দেওয়া প্রয়োজন।
এই নতুন ব্যবস্থা ঠিক কীভাবে কাজ করবে? আরবিআই জানিয়েছে, প্রতিটি ব্যাঙ্ককে তাদের গ্রাহকদের জন্য এই ‘স্টপ সুইচ’ পরিষেবা দিতে হবে। এর মাধ্যমে গ্রাহকরা প্রয়োজনে নিজেদের অ্যাকাউন্ট থেকে ভবিষ্যতের সমস্ত ধরনের টাকা কাটার প্রক্রিয়া তৎক্ষণাৎ বন্ধ করে দিতে পারবেন। তবে এর কিছু ব্যতিক্রমও থাকছে। আগে থেকে চালু থাকা রেকারিং পেমেন্ট ম্যান্ডেট, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, ব্যাঙ্কের বকেয়া চার্জ বা ঋণের কিস্তি আদায়ের মতো বিষয়গুলি এই ‘স্টপ সুইচ’-এর আওতার বাইরে থাকবে।
শুধু তা-ই নয়, গ্রাহকদের স্বার্থরক্ষায় ‘ব্যাঙ্কের অবহেলা’-র সংজ্ঞাও আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কের নিজস্ব সিস্টেমের ত্রুটি, নিরাপত্তায় গলদ কিংবা ব্যাঙ্ক কর্মী বা ব্যাঙ্কের নিযুক্ত কোনো তৃতীয় পক্ষের যোগসাজশে যদি কোনো জালিয়াতি ঘটে, তবে সেটিকেও সরাসরি ব্যাঙ্কের গাফিলতি হিসেবেই ধরা হবে।
এছাড়াও, বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার আরও একটি স্তর যোগ করার কথা বলা হয়েছে। গ্রাহকের নির্ধারিত সীমার চেয়ে বেশি টাকার কোনো লেনদেন হলে, গ্রাহকের মনোনীত কোনো ‘বিশ্বস্ত ব্যক্তি’র কাছে তৎক্ষণাৎ অনুমোদনের জন্য বার্তা বা নোটিফিকেশন যাবে। সেই বার্তায় লেনদেনের পরিমাণ, প্রাপকের নাম, অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর এবং লেনদেনের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সব মিলিয়ে, ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ ও ভরসাযোগ্য করে তুলতেই রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন পদ্ধতি।




