নিউজ ডেস্ক: তিন বছরের প্রেম, দুই পরিবারের সম্মতিতে বিয়ের পাকা কথাও এগিয়েছিল অনেক দূর। একসঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন দু’জনেই। কিন্তু সেই সাজানো স্বপ্নে হঠাৎই থাবা বসাল অবিশ্বাস আর সন্দেহের কালো ছায়া। আর তার জেরে ঘটল এক মর্মান্তিক পরিণতি। পুনের হিঞ্জেওয়াড়ি এলাকায় নিজের পেইং গেস্ট আবাসনেই খুন হলেন বছর সাতাশের এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অভিযোগের তির তাঁরই প্রেমিকের দিকে। শুধু মারধর করে খুনই নয়, ঘটনার পর এলাকা ছেড়ে না পালিয়ে সারারাত প্রেমিকার নিথর দেহের পাশেই বসেছিলেন অভিযুক্ত যুবক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম কোমল ডাহালে। তাঁর আদি বাড়ি মহারাষ্ট্রের ওয়ার্ধায়। চাকরিসূত্রে তিনি পুনের তথ্যপ্রযুক্তি হাব হিঞ্জেওয়াড়ির একটি পিজি-তে থাকতেন।
অন্যদিকে, অভিযুক্ত শুভম জ্ঞানেশ্বর কালবান্দেও পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং মহারাষ্ট্রেরই বাসিন্দা। গত তিন বছরেরও বেশি সময় ধরে কোমল ও শুভমের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, এমনকি দুই পরিবারের তরফে তাঁদের চার হাত এক করার প্রস্তুতিও শুরু হয়েছিল।
কিন্তু ইদানীং সেই সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। কোমলের মনে সন্দেহ দানা বেঁধেছিল যে, শুভম হয়তো অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই সন্দেহ থেকেই দু’জনের মধ্যে প্রায়শই অশান্তি ও তর্কাতর্কি লেগে থাকত। প্রতিবেশী ও পরিচিতদের সূত্রে খবর, রবিবার রাতেও তার ব্যতিক্রম হয়নি।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সোমবার ভোররাত তিনটে নাগাদ কোমলের হিঞ্জেওয়াড়ির আবাসনে দু’জনের মধ্যে নতুন করে বচসা শুরু হয়। সামান্য কথা কাটাকাটি মুহূর্তের মধ্যেই চরম আকার নেয়। অভিযোগ, সেই সময় রাগের বশে হিতাহিত জ্ঞান হারিয়ে কোমলের ওপর ঝাঁপিয়ে পড়েন শুভম। তরুণীর মাথা ও ঘাড় লক্ষ্য করে এলোপাথাড়ি লাথি ও ঘুষি মারতে থাকেন তিনি। আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কোমল এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
তবে এই নৃশংস ঘটনার পর অভিযুক্ত যুবকের আচরণ পুলিশকেও ভাবিয়ে তুলেছে। খুনের পর প্রমাণ লোপাট বা পালিয়ে যাওয়ার কোনো চেষ্টাই করেননি শুভম। উল্টে সারারাত ঘরের ভেতরে কোমলের নিথর দেহের পাশেই চুপচাপ বসে থাকেন তিনি। অবশেষে পরদিন সকালে নিজেই পুলিশে ফোন করে সমস্ত ঘটনার কথা স্বীকার করেন।
খবর পেয়েই হিঞ্জেওয়াড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীর দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত শুভমকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে বচসা এতটা চরমে পৌঁছল এবং এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।




