নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় কার্যত একচ্ছত্র আধিপত্য এনভিডিয়ার। সেই সংস্থার শীর্ষ পদে আবার ফিরেছেন সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। কিন্তু তাঁর প্রত্যাবর্তনের মধ্যেও কাটছে না বিতর্কের মেঘ। বরং নতুন করে আলোচনায় উঠে এসেছে অ্যালিস হুয়াং নামে এক মহিলার অবস্থান। কে এই অ্যালিস? কেন তাঁকে ঘিরে আমেরিকার গোয়েন্দা মহলে এত সন্দেহ? আর জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কই বা কী? এনভিডিয়ার সিইও পদ থেকে জেনসেনের সাময়িক সরে যাওয়া এবং মাত্র ১১ দিনের মাথায় প্রত্যাবর্তনের নেপথ্যে যে বিতর্ক, তার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এই অ্যালিস। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তিনি আপাতত চিনের রাজধানী বেজিংয়ে রয়েছেন। তবে ঠিক কবে তিনি সেখানে গিয়েছেন, কেনই বা ফিরেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।
অ্যালিস হুয়াং, যাঁর আর এক নাম হুয়াং লে, এক সময় সাংবাদিকতা করতেন। পরে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রযুক্তি ও ব্যবসায়িক দুনিয়ায় গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন তিনি। সিঙ্গাপুরের প্রযুক্তি সংস্থা মেগাস্পিড ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর এবং শীর্ষস্থানীয় কর্তাদের অন্যতম ছিলেন অ্যালিস। এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ কেনার ক্ষেত্রে সংস্থাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় ক্রেতা হয়ে উঠেছিল।
কিন্তু সেই ব্যবসায়িক সাফল্যের আড়ালেই তৈরি হয় একাধিক প্রশ্ন। অভিযোগ, মেগাস্পিডের মাধ্যমে কেনা এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপের একাংশ চিনের বিভিন্ন প্রযুক্তি সংস্থার কাছে পৌঁছে গিয়েছিল। এমনকী, আমেরিকার রফতানি নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন এড়িয়ে ওই চিপ চিনে পাচার করা হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়।
এই ঘটনার তদন্তে নামতেই অ্যালিসের সঙ্গে চিনের গোয়েন্দা সংস্থার সম্ভাব্য যোগাযোগের বিষয়টি সামনে আসে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, চিনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। ওই সংস্থাটি চিনের প্রধান অসামরিক গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের দাবি, ২০২৫ সালের বসন্তকাল থেকে চলতি বছরের শরৎ পর্যন্ত চিনের ওই গোয়েন্দা সংস্থার এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ ছিল অ্যালিসের।
সেই সময়ের মধ্যেই এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। যদিও অ্যালিসের বিরুদ্ধে ওঠা গোয়েন্দা-যোগের অভিযোগ প্রমাণিত নয়। চিনও এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে। তদন্তকারীদের নজরে শুধু অ্যালিস নন, তাঁর ব্যবসায়িক সহযোগী কাং ওয়েইও। ব্যবসায়িক মহলে অ্যালিস তাঁকে অনেক সময় স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিতেন বলে জানা গিয়েছে।
আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, চিনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রকের সঙ্গে তাঁরও যোগাযোগ ছিল। নিউ ইয়র্ক টাইমসের আগের একটি রিপোর্টে অ্যালিসের পরিবারের কয়েক জন সদস্যের সঙ্গে চিনের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থাগুলির যোগাযোগের কথাও উঠে এসেছিল। পরিবারের সঙ্গে যুক্ত কয়েকটি সংস্থার বিরুদ্ধে চিনের সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে উন্নত প্রযুক্তির চিপ সরবরাহের চেষ্টার অভিযোগও রয়েছে।
মেগাস্পিডের কার্যকলাপ নিয়েও তদন্তের পরিধি ক্রমশ বাড়ছে। সংস্থাটির ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত লি মিং নামে ৫২ বছরের এক চিনা নাগরিকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের মতে, মেগাস্পিডের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে তাঁর ভূমিকা ছিল। এনভিডিয়ার চিপ কেনাবেচার সঙ্গে যুক্ত আরও কয়েকটি সংস্থার কার্যকলাপেও তিনি সক্রিয় ছিলেন বলে অভিযোগ। বর্তমানে সিঙ্গাপুরে জামিনে মুক্ত রয়েছেন লি।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, চিনা দূতাবাসের কাছাকাছি একটি বিলাসবহুল বাড়িতে থাকছেন তিনি। নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার উন্নত এআই প্রসেসর চিনে পৌঁছে দেওয়ার যে নেটওয়ার্কের অভিযোগ উঠেছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে তাঁকে চিহ্নিত করা হচ্ছে।
এই বিতর্কের মধ্যেই জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবনও চলে আসে সংবাদমাধ্যমের শিরোনামে। অ্যালিসের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নিজের পরিবার এবং সংস্থার কর্মীদের কাছে ক্ষমা চেয়েছিলেন এনভিডিয়ার কর্ণধার। তাঁর এই স্বীকারোক্তির পর সংস্থার নেতৃত্ব নিয়ে তৈরি হয় অস্থিরতা। গত ১২ নভেম্বর সিইও পদ থেকে ইস্তফা দেন তিনি।
অন্তর্বর্তী দায়িত্ব দেওয়া হয় সংস্থার অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেসকে। কিন্তু মাত্র ১১ দিনের মধ্যেই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। পরিচালন পর্ষদের সিদ্ধান্তে ফের সিইও পদে ফিরে আসেন জেনসেন। তবে জেনসেনের প্রত্যাবর্তন হলেও অ্যালিসকে ঘিরে প্রশ্নের উত্তর মেলেনি। বেজিংয়ে তাঁর উপস্থিতির খবর সামনে আসায় গোয়েন্দা তদন্তের গুরুত্ব আরও বেড়েছে।
তিনি কি শুধুই প্রযুক্তি ব্যবসার সঙ্গে যুক্ত একজন প্রভাবশালী মহিলা, নাকি তাঁর ব্যবসায়িক যোগাযোগের আড়ালে অন্য কোনও ভূমিকা ছিল? চিনের গোয়েন্দা সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগের অভিযোগ কতটা সত্যি? আর এনভিডিয়ার মতো গুরুত্বপূর্ণ মার্কিন প্রযুক্তি সংস্থার শীর্ষ কর্তার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক কি কোনওভাবে সংস্থার নিরাপত্তা বা ব্যবসায়িক সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল?
এই প্রশ্নগুলির উত্তর এখনও অধরা।
অ্যালিসের বিরুদ্ধে ওঠা অভিযোগের চূড়ান্ত সত্যতাও প্রতিষ্ঠিত হয়নি। তবে একটি বিষয় স্পষ্ট, কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য ধরে রাখার লড়াই এখন আর শুধু প্রযুক্তি কিংবা ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই। তার সঙ্গে জড়িয়ে পড়েছে আন্তর্জাতিক রাজনীতি, গোয়েন্দা তৎপরতা এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নও। এনভিডিয়ার সিইওর প্রত্যাবর্তনে আপাতত সংস্থার নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা কাটলেও অ্যালিস হুয়াংকে ঘিরে রহস্যের জট যে এখনও খোলেনি, তা বলাই যায়।




