নিউজ ডেস্ক: ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তা রক্ষায় ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’-এর কারণে এতদিন হোয়াটসঅ্যাপকেই সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসেবে ধরে নেওয়া হতো। তবে কাজের সুবিধার্থে ডেস্কটপ বা ল্যাপটপে যাঁরা নিয়মিত ‘হোয়াটসঅ্যাপ ওয়েব’ ব্যবহার করেন, তাঁদের জন্য এবার কড়া সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রকের অধীনস্থ ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ জানিয়েছে, সামান্য অসতর্কতার জেরে এই ওয়েব ভার্সনের মাধ্যমেই ব্যবহারকারীর ব্যক্তিগত অ্যাকাউন্টের দখল নিতে পারে সাইবার অপরাধীরা।
কেন্দ্রীয় সংস্থার ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট-এর পর্যবেক্ষণ অনুযায়ী, অনুমোদিত বা লগ-ইন করা হোয়াটসঅ্যাপ ওয়েব সেশনের সুযোগ নিয়ে হ্যাকার বা অসাধু ব্যক্তিরা অনায়াসেই কারও অ্যাকাউন্টে অনধিকার প্রবেশ করতে পারে। এর ফলে তারা শুধু ব্যক্তিগত বার্তা পড়েই ক্ষান্ত হবে না, বরং ব্যবহারকারীর কন্ট্যাক্ট লিস্ট ও গ্রুপ চ্যাটের সমস্ত তথ্যও হাতিয়ে নিতে পারে। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, অ্যাকাউন্ট মালিকের পরিচয় ভাঁড়িয়ে তাঁর পরিচিত মহলে মেসেজ পাঠিয়ে বড়সড় আর্থিক প্রতারণা, ফিশিং কিংবা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো অপরাধ ঘটানো হতে পারে।
বিশেষ করে অফিসের ডেস্কটপ, শেয়ার্ড কম্পিউটার, হোটেলের বিজনেস সেন্টার কিংবা সাইবার ক্যাফের মতো পাবলিক সিস্টেমে লগ-ইন করার ক্ষেত্রেই এই ঝুঁকি সবচেয়ে বেশি। তাই ডিজিটাল নিরাপত্তা বজায় রাখতে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কেবল ব্রাউজারের ট্যাব বা উইন্ডো কেটে দিলেই অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে না। কাজ শেষ হওয়া মাত্রই ম্যানুয়ালি লগ-আউট করা বাধ্যতামূলক এবং অকারণে কোনও সেশন সক্রিয় রাখা উচিত নয়। একান্তই বিশ্বস্ত কোনও কম্পিউটারে ওয়েব ভার্সন ব্যবহার করতে হলে ব্রাউজারের ‘ইনকগনিটো’ বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, তবে সেক্ষেত্রেও কাজ শেষে ম্যানুয়ালি লগ-আউট করতে ভুললে চলবে না।
পাশাপাশি, অফিস বা শেয়ার্ড কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব খুলে কোনও রকম সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক বা গোপনীয় নথিপত্র আদানপ্রদান না করার কথা বলা হয়েছে। ধার করা বা অপরিচিত কম্পিউটার এড়িয়ে চলার পাশাপাশি নিজের ডিভাইসের অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও সিকিউরিটি সফটওয়্যার নিয়মিত আপডেট রাখার কথাও মনে করিয়ে দিয়েছে সংস্থাটি। ক্র্যাকড সফটওয়্যার বা অচেনা ফাইল ডাউনলোড থেকে বিরত থাকার এবং অ্যাকাউন্ট থেকে অজান্তে কোনও মেসেজ যাচ্ছে কি না বা পরিচিতরা অদ্ভুত কোনও উত্তর দিচ্ছেন কি না, সেদিকেও কড়া নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সংবেদনশীল কর্মক্ষেত্র বা দফতরের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার সম্পূর্ণ এড়িয়ে চলারই পরামর্শ দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। ইনকগনিটো মোডকে কেবল একটি বাড়তি সতর্কতা হিসেবেই দেখার কথা বলা হয়েছে। ডিজিটাল দুনিয়ায় সামান্য অসাবধানতাই যে বড় বিপদ ডেকে আনতে পারে, তা মনে করিয়ে দিয়ে প্রতিটি সেশনের পর লগ-আউট করে নিজেদের ডিজিটাল পরিচয় সুরক্ষিত রাখার আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।




