নিউজ ডেস্ক: শ্রী গুরু নানক দেব জির পবিত্র প্রকাশ পর্ব উপলক্ষে আয়োজিত এক বিশেষ শবদ কীর্তন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী দিল্লিতে আয়োজিত এই ধর্মীয় ও আধ্যাত্মিক আসরে শিখ সম্প্রদায়ের বিশিষ্ট সন্তগণ, দিল্লির উপ-রাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু এবং মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাসহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে করা হয়, যেখানে গেরুয়া পাগড়ি পরিহিত অসংখ্য ভক্তের সঙ্গে বসে প্রধানমন্ত্রীকে ভক্তিভাবের সঙ্গে কীর্তন শ্রবণ করতে দেখা যায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে প্রকাশ পর্বের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, "গুরবাণীর প্রতিটি শব্দ ও কীর্তনের সুর নিছক কোনো সংগীত নয়, বরং এটি এক গভীর সাধনা এবং জ্ঞানের সাগরে ডুব দেওয়ার শামিল।" গুরু নানক দেবের ‘কিরত করো, বন্ড ছকো এবং নাম জপো’,এই মূল মন্ত্র যে তাঁর নিজের জীবনেরও অবিচ্ছেদ্য অংশ, তা স্মরণ করিয়ে দেন তিনি। শৈশব থেকে শুরু করে সংগঠনের কর্মী হিসেবে কাজ করার দিনগুলোতে গুরুদ্বারে মাথা নত করা, সেবা করা এবং লঙ্গরের প্রসাদ গ্রহণ করার স্মৃতিও তিনি তুলে ধরেন। পাশাপাশি পাঞ্জাবে কাটানো দিনগুলো এবং শ্রী হরমন্দির সাহিবে দর্শনের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
https://www.facebook.com/share/v/1Ezujv1EP1/
এদিনের ভাষণে ইতিহাস ও ঐতিহ্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান, "চলতি বছরেই শ্রী গুরু তেগ বাহাদুর জির আত্মবলিদানের ৩৫০ বছর পূর্ণ হচ্ছে। দেশের বিশ্বাস, মূল্যবোধ এবং পরিচয় রক্ষায় দিল্লির এই মাটিতেই তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন।" এছাড়া গুরুদ্বারা সংস্কার আন্দোলনের অন্যতম পুরোধা সর্দার তেজা সিং সমুন্দরির প্রয়াণের শতবর্ষ পূর্তিতেও তাঁকে শ্রদ্ধা জানান মোদী। আগামী ২৬ ডিসেম্বর দেশজুড়ে পালিত হতে চলা ‘বীর বাল দিবস’-এর কথা উল্লেখ করে তিনি বলেন, “সাহিবজাদাদের অসীম সাহস ও আত্মত্যাগের গাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের কর্তব্য।”
বক্তব্যের শেষ পর্বে বর্তমান বিশ্বের অস্থিরতা ও সংঘাতের পরিবেশে গুরুবাণীর ‘সরবত দা ভলা’ অর্থাৎ সকলের মঙ্গল কামনার আদর্শকে আঁকড়ে ধরার বার্তা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সমাজে ক্রমবর্ধমান মাদকের সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "একজন তরুণ নেশার কবলে পড়লে তার সঙ্গে গোটা পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।" যুবসমাজকে নেশামুক্ত রেখে সঠিক পথে চালিত করতে পরিবার, গুরুদ্বার এবং সামাজিক সংগঠনগুলোকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 'বলে সো নিহাল, সৎ শ্রী অকাল' বলে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।




