নিউজ ডেস্ক: ভারতীয় ব্যবসায়ীদের চিনের ভিসা পাওয়া সহজ করতে নয়াদিল্লির সঙ্গে কাজ করতে প্রস্তুত বেজিং। দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের উন্নতির লক্ষ্যে ভিসা সংক্রান্ত ব্যবস্থায় সহযোগিতার আশ্বাস দিয়েছে চিনের বিদেশ মন্ত্রক। সম্প্রতি ভারতীয় নাগরিকদের, বিশেষ করে ব্যবসায়িক ভিসা দেওয়ার ক্ষেত্রে চিনের কূটনৈতিক মিশনগুলি কড়াকড়ি করছে বলে খবর প্রকাশ্যে আসার পর এই বার্তা দিল বেজিং।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে লিখিত জবাবে চিনের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, আইন ও বিধি মেনে যোগ্য বিদেশি নাগরিকদের ভিসা দিয়ে থাকে চিন। তিনি বলেন, ‘দুই দেশের ব্যবসায়ীদের ভিসার ব্যবস্থা সহজ করতে ভারতের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত।’
চলতি মাসে সাংহাইয়ে আয়োজিত চিন ইমপোর্ট এক্সপোতেও আগের তুলনায় কম সংখ্যক ভারতীয় ব্যবসায়ীকে ভিসা দেওয়া হয়েছে বলে খবর। বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এই বার্ষিক বাণিজ্য মেলায় নিজেদের পণ্য ও পরিষেবা তুলে ধরেন। এ দিকে, চিনে ভিসার চাহিদা বাড়ায় চিন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ বন্ধ করে সরাসরি নিজেদের কূটনৈতিক মিশনের মাধ্যমে প্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেজিং।
২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্কের অবনতি হয়েছিল। পাঁচ বছরের বিরতির পর গত বছরের জুলাইয়ে চিনা নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া ফের শুরু করে ভারত। এর পর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় গতি আসে। চালু হয় বেজিং-নয়াদিল্লি-সহ একাধিক শহরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা। ভারতীয় আধিকারিকদের দাবি, সাম্প্রতিক মাসগুলিতে চিনা নাগরিকদের ভিসা প্রত্যাখ্যানের হার কমে প্রায় ৭ শতাংশে দাঁড়িয়েছে।
গত বছরের ডিসেম্বরে ভারতীয় আবেদনকারীদের জন্য অনলাইন ভিসা ব্যবস্থা চালু করে চিনা দূতাবাস।
এ বছর সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের প্রসঙ্গেও ইতিবাচক বার্তা দিয়েছে বেজিং। চিনা মুখপাত্রের কথায়, ‘দুই নেতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোঝাপড়া হল, ভারত ও চিনের অংশীদার হওয়া প্রয়োজন।’ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি এবং পারস্পরিক উন্নয়নে সহযোগিতা করতে চিন প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।




