নিউজ ডেস্ক: লিবিয়ার উপকূলে রুশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে হামলা চালিয়ে সেটিকে ডুবিয়ে দেওয়ার দায় স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি জানান, এই অভিযানে ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাতটি নৌ-ড্রোন ব্যবহার করা হয়েছিল। হামলার লক্ষ্য ছিল রুশ নৌবাহিনীর করভেট শ্রেণির যুদ্ধজাহাজ ‘মার্কুরি’। জেলেনস্কির দাবি, রাশিয়ার সাম্প্রতিকতম যুদ্ধজাহাজগুলির অন্যতম এই জাহাজটি ২০২৩ সালে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘নির্দিষ্ট জলসীমায় আমাদের অভিযান জারি রয়েছে। রাশিয়ার আগ্রাসনের জবাব দিচ্ছি আমরা। ইউক্রেনের অস্ত্রশস্ত্রের উন্নতিও ঘটাচ্ছি।’ তাঁর বক্তব্য, রাশিয়ার হামলার পাল্টা জবাব দিতেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে। তবে কী ভাবে সাতটি ড্রোনকে কাজে লাগানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
রবিবার পূর্ব লিবিয়ার বেনগাজি নৌঘাঁটিতে রুশ যুদ্ধজাহাজটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মুখে পড়ে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসনের কয়েক জন সামরিক আধিকারিক জানিয়েছিলেন, সন্দেহ করা হচ্ছে, ইউক্রেনের নৌ-ড্রোন থেকেই হামলা চালানো হয়েছে। তাঁদের দাবি, হামলার সময় কয়েকটি ড্রোনকে প্রতিহত করা গেলেও অন্তত দু’টি যুদ্ধজাহাজে আঘাত হানে। তাতে জাহাজটি গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে উপগ্রহচিত্রেও জাহাজটির অধিকাংশ অংশ জলের নীচে চলে যাওয়ার ছবি ধরা পড়ে।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসনের বক্তব্য অনুযায়ী, রুশ জাহাজটি জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম নেওয়ার জন্য বেনগাজি বন্দরে নোঙর করেছিল। রাশিয়া ও পূর্ব লিবিয়ার প্রশাসনের মধ্যে সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি সেখানে এসেছিল। হামলার পর ঘটনার উৎস ও দায়ীদের চিহ্নিত করতে রাশিয়ার সঙ্গে যৌথ তদন্ত শুরু করার কথাও জানিয়েছিল ওই প্রশাসন।
প্রাথমিক ভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। পরে জেলেনস্কির ঘোষণায় ইউক্রেনের ভূমিকা প্রকাশ্যে আসে। তবে হামলার বিষয়ে রুশ কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।




