নিউজ ডেস্ক: তেরো বছর আগের সেই অভিশপ্ত দুপুরের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় তাঁকে। ২৩ নভেম্বর, ২০১৩,বিধাননগর দক্ষিণ থানার ভেতরে বসে থাকার একটি পুরনো ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে সোমবার ফের পুরনো ক্ষত উসকে দিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। দীর্ঘ পোস্টে দলের তৎকালীন ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি সরাসরি অভিযোগ করেন, সেদিন দল তাঁর পাশে দাঁড়ায়নি, বরং তাঁর কাঁধে বন্দুক রেখেছিল। তবে এই তীব্র অভিমান ও যন্ত্রণার কথা উগরে দিয়েও শেষ পর্যন্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের অবিচল আনুগত্যের কথাই স্পষ্ট করেছেন তিনি।
পোস্টের শুরুতেই তেরো বছর আগের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন কুণাল। তাঁর দাবি, সেদিন দুপুরে তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ জানাতেই তিনি বিধাননগর দক্ষিণ থানায় গিয়েছিলেন। থানায় তাঁর বিরুদ্ধে কোনও মামলা বা গ্রেফতারি পরোয়ানা না থাকা সত্ত্বেও পুলিশ তাঁকে সেখান থেকেই গ্রেফতার করে। পরবর্তীকালে আদালত সেই মামলা খারিজ করে দিলেও, ততক্ষণে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে বলে আক্ষেপ করেছেন বিধায়ক। সেই কঠিন সময়ের কথা স্মরণ করে কুণাল লিখেছেন, সেই লড়াইটা তাঁকে একাই লড়তে হয়েছিল। পাশে ছিলেন কেবল হাতেগোনা কয়েকজন ঘনিষ্ঠ শুভানুধ্যায়ী।
সবচেয়ে মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কুণাল উল্লেখ করেছেন তাঁর মায়ের প্রয়াণের প্রসঙ্গ। গ্রেফতারির ঠিক পরেই তাঁর মা মারা যান, কিন্তু সেই চরম দুঃসময়েও দলের কেউ একটি ফোন করেও খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেননি। কাছা পরা অবস্থায় কেবল একজন নেতা গোপনে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে জানিয়েছেন তিনি।
তবে অতীতের এই গভীর ক্ষত ও যন্ত্রণার কথা বললেও বর্তমান রাজনৈতিক অবস্থানে কোনো দ্বিধা রাখেননি কুণাল। তিনি জানিয়েছেন, এত কিছুর পরেও তিনি দলের একজন নিষ্ঠাবান সৈনিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন। ‘দিদি’ তাঁকে বিধায়ক করেছেন, তাই তিনি কখনোই অকৃতজ্ঞ হতে পারবেন না। পাশাপাশি, কঠিন সময়ের পর দলে তাঁকে পুনরায় জায়গা করে দেওয়ার জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
পোস্টের শেষে দলকে আরও শক্তিশালী করার বার্তা দিয়ে কুণালের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, দল ঠিক থাকলে তবেই সবাই ভালো থাকবেন, আর সেই কারণেই দলের ভেতরের অপ্রিয় ইস্যুগুলো দ্রুত মেরামত করা জরুরি। রাজনৈতিক মহলের মতে, তেরো বছর আগের ক্ষোভ উগরে দিয়ে কুণাল একদিকে যেমন নিজের পুরনো অবস্থান স্পষ্ট করলেন, অন্যদিকে শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা রেখে দলের অভ্যন্তরীণ সংস্কারের বার্তাও দিয়ে রাখলেন।




