নিউজ ডেস্ক: রাজ্য রাজনীতিতে দলবদল এবং ক্ষমতার পালাবদলের পর দলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে আবারও সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে তিনি দলের প্রাক্তন সতীর্থদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। পাশাপাশি, আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়েও এক তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি জনসভার মঞ্চের পুরনো ছবি শেয়ার করে কুণাল এই বার্তা দেন।
কুণাল ঘোষের এই দীর্ঘ পোস্টের ছত্রে ছত্রে ফুটে উঠেছে ‘৪ মে’-র পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট ও ক্ষমতাহীন হওয়ার পর একশ্রেণির নেতার ভোলবদলের তীব্র সমালোচনা। নাম না করেই দলত্যাগীদের ‘অকৃতজ্ঞ’ এবং ‘সুবিধাবাদী’ বলে কটাক্ষ করেছেন তিনি। কুণালের মতে, ৪ মে-র আগে পর্যন্ত যাঁরা মমতা ও অভিষেকের সই করা প্রতীক নিয়ে, দলের তহবিলের টাকায় ভোট লড়েছেন এবং নির্বাচনী প্রচারে শীর্ষ নেতৃত্বের মুখ ব্যবহার করেছেন, ক্ষমতার পালাবদলের পর তাঁদেরই আসল চেহারা সামনে এসেছে। তৃণমূল সরকার না থাকায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে না থাকায় এই নেতারা রাতারাতি শিবির বদল করে বিজেপির ‘বি টিম’-এ নাম লিখিয়েছেন বলে তাঁর অভিযোগ। এমনকি, পুলিশ ও প্রশাসনের একাংশের মদতে এঁরা এখন প্রতিনিয়ত দল এবং শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন বলেও তিনি দাবি করেন।
https://www.facebook.com/share/1CMMrhqaKX/
তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যাঁরা দল ছাড়েননি, সেই নিচুতলার কর্মীদের ‘দলের আসল সম্পদ’ বলে অভিহিত করেছেন কুণাল। ৪ মে-র পর থেকে দলের কর্মীদের ওপর নেমে আসা হামলা, গ্রেপ্তার এবং কর্মচ্যুতির মতো দমন-পীড়নের কথা উল্লেখ করে তিনি জানান, এখন অত্যন্ত পরিণত মানসিকতা নিয়ে দলকে নতুন করে সাজানোর সময় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কর্মীরা সমস্ত চক্রান্ত রুখে দিয়ে সংগঠন গোছানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
রাজ্যের বর্তমান শাসকদলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে বলেও দাবি করেছেন এই তৃণমূল নেতা। তাঁর কথায়, কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের কাজকর্মে মানুষ ক্রমশ বিরক্ত হচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অভাব বোধ করছেন। আর সেই কারণেই বঙ্গরাজনীতিতে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রবলভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন।
পোস্টের শেষাংশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নিজের পুরনো ভবিষ্যদ্বাণী আরও একবার মনে করিয়ে দিয়েছেন কুণাল। তিনি জানান, কয়েক বছর আগে তিনি লিখেছিলেন যে ২০৩৬ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। দলনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও কুণাল স্পষ্ট জানান, বর্তমান শাসকদলের কার্যকলাপে মানুষ এতটাই বীতশ্রদ্ধ যে অভিষেকের মুখ্যমন্ত্রী হওয়ার সেই সময়সীমা আরও এগিয়ে আসতে পারে। সবশেষে, ঘর গুছিয়ে নিয়ে তৃণমূল যে আবারও স্বমহিমায় ফিরে আসবে, সেই আত্মবিশ্বাসই ফুটে উঠেছে তাঁর পোস্টে।




