নিউজ ডেস্ক: বিনোদন জগতে নতুন বিতর্কে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বা KBC-র একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে আইনি নোটিস পেলেন অমিতাভ বচ্চন এবং সোনি টিভি। পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠানে একটি বিতর্কিত প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ ঘিরেই এবার আইনি পদক্ষেপের পথে পাঞ্জাবের এক আইনজীবী।
পাঞ্জাবের সাঙ্গরুরের আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা অমিতাভ বচ্চন ও সোনি টিভিকে আইনি নোটিস পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, KBC-র মঞ্চে অমিতাভ বচ্চন এক প্রতিযোগীকে ১২ লক্ষ ৫০ হাজার টাকার একটি প্রশ্ন করছেন। প্রশ্নটি ছিল, সম্প্রতি কোন রাজ্যে অপরাধীরা নির্ভয়ে পুলিশ স্টেশনে বোমা হামলা চালিয়েছে? বিকল্প হিসেবে দেখানো হয়েছিল উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবের নাম। ভিডিওতে পাঞ্জাবকে সঠিক উত্তর হিসেবে দেখানো হয়েছে বলে দাবি।
আইনজীবীর বক্তব্য, সাধারণ জ্ঞানের অনুষ্ঠানে এ ধরনের প্রশ্নের মাধ্যমে একটি নির্দিষ্ট রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। তাই সংশ্লিষ্ট ভিডিওটি জাতীয় সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, ভিডিওটি যদি সত্যিই KBC-র কোনও পর্বের অংশ হয়, তাহলে অমিতাভ বচ্চন ও সোনি টিভিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও দাবি তাঁর।
তবে এই ভিডিওর সত্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে তৈরি কিংবা সম্পাদনা করা হয়ে থাকতে পারে বলেও দাবি উঠেছে। আইনজীবী জানিয়েছেন, অমিতাভ বচ্চন ও সোনি টিভির কাছ থেকে জবাব পাওয়ার পরেই ভিডিওটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ভিডিওটি ভুয়ো প্রমাণিত হলে সেটি তৈরি ও ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের কথা ভাবা হতে পারে।
এখনও পর্যন্ত অমিতাভ বচ্চন কিংবা সোনি টিভির তরফে এই আইনি নোটিস নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে KBC-র ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের জল কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রয়েছে।




