রেসিপি: শীতকাল মানে জমিয়ে খাওয়া-দাওয়া। হালকা শীতের মরশুমে সন্ধ্যার জলখাবারে এক বাটি গরম স্যুপ হলে কিন্তু মন্দ হয় না। কিন্তু একই স্যুপ খেয়ে খেয়ে অনেকেরই একঘেয়েমি চলে এসেছে। তাই এবার স্বাদে একটু অভিনবত্ব আনতে মাশরুম ও চেস্টনাট দিয়ে তৈরি ক্রিমি স্যুপ হতে পারে অন্যতম স্টার্টার। খুব অল্প সময়েই এবং কয়েকটি মাত্র উপকরণে বাড়িতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর ধাঁচের এই পদ।
কী কী উপকরণ লাগবে?
* বাটন মাশরুম – ৩০০ গ্রাম
* শিটাকে মাশরুম – ১০০ গ্রাম
* রান্না করা চেস্টনাট – ১০০ গ্রাম
* কুচিয়ে রাখা পেঁয়াজ – ১টি ছোট
* রসুন কুচি – ৩ কোয়া
* মাখন – ২ টেবিল চামচ
* ভেজিটেবল স্টক – ৫০০ মিলিলিটার
* ফ্রেশ ক্রিম – ১০০ মিলিলিটার
* থাইম – ১ চা চামচ
* অলিভ অয়েল – ১ টেবিল চামচ
* ট্রাফল অয়েল – ১ চা চামচ
* স্বাদমতো নুন ও গোলমরিচ।
কীভাবে বানাবেন?
প্রথমে একটি প্যানে প্রথমে মাখন ও অলিভ অয়েল গরম করে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। এরপর কেটে রাখা বাটন ও শিটাকে মাশরুম এবং থাইম দিয়ে ভালো করে নাড়তে হবে। মাশরুম থেকে জল বেরিয়ে আসার পর তা সোনালি রং ধারণ করা পর্যন্ত রান্না করতে হবে। এরপর প্যানে রান্না করা চেস্টনাট ও ভেজিটেবল স্টক দিয়ে ১৫ থেকে ২০ মিনিট অল্প আঁচে ফুটতে দিতে হবে। মিশ্রণটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে মসৃণ ও ঘন করে নিতে হবে। এবার সেই মিশ্রণ ফের প্যানে ঢেলে তাতে ফ্রেশ ক্রিম, নুন ও গোলমরিচ মিশিয়ে দিতে হবে। সবশেষে কয়েক ফোঁটা ট্রাফল অয়েল ছড়িয়ে দিলেই তৈরি শীতের বিশেষ মাশরুম ও চেস্টনাট স্যুপ।
পরিবেশনের সময় উপরে কিছুটা ভাজা মাশরুম ও রোস্ট করা চেস্টনাট ছড়িয়ে দিতে পারেন। সঙ্গে রাখুন মুচমুচে টোস্ট করা পাউরুটি। ব্লেন্ড করার আগে কিছুটা ভাজা মাশরুম ও চেস্টনাট আলাদা করে তুলে রাখুন। পরে স্যুপের উপরে সাজিয়ে দিলে স্বাদের পাশাপাশি বাড়বে খাবারের টেক্সচারও। মাশরুমের গন্ধের সঙ্গে চেস্টনাটের হালকা মিষ্টি স্বাদ স্যুপটিকে আরও আকর্ষণীয় করে তোলে। সব শেষে কয়েক ফোঁটা ট্রাফল অয়েল যোগ করলে পাওয়া যায় এক বিশেষ সুগন্ধ।




