নিউজ ডেস্ক: ভোটের ফল প্রকাশের পর থেকেই ছিলেন এলাকাছাড়া। দীর্ঘদিন গ্রামে দেখা মেলেনি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের। অবশেষে সোমবার রাতে গ্রামে ফিরতেই তাঁকে ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের কালনায়। অভিযোগ, তাঁকে দেখেই তাড়া করেন গ্রামবাসীদের একাংশ। প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দেন ওই তৃণমূল নেতা। এরপর পুকুর থেকে তাঁকে উদ্ধারের নামে পায়ে দড়ি বেঁধে টেনে তোলা হয় বলে অভিযোগ। এমনকি, তাঁকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরও করা হয়েছে বলে খবর।
প্রকাশ্যে এসেছে ঘটনার ভিডিও। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি জাজবাত ২৪ বাংলা। সেই ভিডিওতে দেখা যায়, কাকুড়িয়া পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সুমিত ঘোষ কে পায়ে দড়ি বেঁধে পানাপুকুর থেকে টেনে তোলা হচ্ছে। পুকুর থেকে টেনে হিচড়ে তুলে তাকে বেঁধে রাখা হয় এক বিদ্যুতের খুঁটিতে। এরপর কালনা থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে।
জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম সুমিত ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, ঘটনার পিছনে রয়েছে বিজেপির মদত। যদিও বিজেপির দাবি, এটি কোনও রাজনৈতিক হামলা নয়, বরং গ্রামবাসীদের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। স্থানীয় সূত্রে খবর, পূর্ব বর্ধমানের কালনা-১ ব্লকের কাকুড়িয়া পঞ্চায়েত এলাকায় ভোটের ফল প্রকাশের পর থেকেই সুমিত ঘোষকে ঘিরে অসন্তোষ তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে তাঁকে এলাকায় দেখা যাচ্ছিল না।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, সমবায় সমিতির টাকা তছরুপ এবং স্থানীয় একটি বিদ্যালয়ের আর্থিক অনিয়মের মতো একাধিক বিষয়কে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ক্ষোভ জমেছিল গ্রামবাসীদের। সেই কারণেই তৃণমূল নেতা এলাকায় ফিরতেই তাঁকে দেখে উত্তেজনা ছড়ায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। একজন জনপ্রতিনিধিকে এভাবে তাড়া করে পুকুরে নামতে বাধ্য করা এবং পায়ে দড়ি বেঁধে টেনে তোলার অভিযোগ ঘিরে উঠছে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন।




