নিউজ ডেস্ক: হিজাব ছাড়া ভার্চুয়াল কনসার্টে গান পরিবেশন করার অপরাধে ইরানের পরিচিত সংগীতশিল্পী পরস্তু আহমাদি এবং তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে রাষ্ট্রের আদেশে। সোমবার ইরানের পবিত্র শহর কোমে প্রসিকিউটর অফিসের সাজা কার্যকরকারী ইউনিটে এই দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী মোস্তফা নিলি। ২০২৪ সালের ডিসেম্বরে ২৯ বছর বয়সী সংগীতশিল্পী পরস্তু আহমাদি ইউটিউবে একটি দর্শকহীন ভার্চুয়াল বা 'ইম্যাজিনারি' কনসার্টের আয়োজন করেছিলেন। কোম শহরের কাছে ঐতিহাসিক 'দেইর-ই গাচিন ক্যারাভানসেরাই'-এর প্রাঙ্গণে ধারণ করা ওই কনসার্টে তিনি মাথায় হিজাব না পরে, কালো রঙের একটি স্লিভলেস গাউন পরে চারজন পুরুষ সংগীতশিল্পীর সাথে গান পরিবেশন করেন। সেখানে তিনি ইরানের বিখ্যাত দেশাত্মবোধক গান ‘আস খুনে জাভানে ভাতান’ (স্বদেশের তরুণদের রক্ত থেকে) গেয়েছিলেন।
ইউটিউবে প্রচারের পরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং ৩০ লাখেরও বেশি ভিউ অর্জন করে। ভিডিওটির বিবরণে আহমাদি লিখেছিলেন, "আমি পরস্তু, এমন এক মেয়ে যে মানুষের জন্য গান গাইতে চায়।" তবে ইরানের প্রচলিত শরিয়াহ ভিত্তিক আইন অনুযায়ী, নারীদের জনসমক্ষে একক সংগীত পরিবেশন নিষিদ্ধ এবং জনসমক্ষে বা অনলাইনে হিজাব ও শালীন পোশাক পরা বাধ্যতামূলক। ভিডিওটি প্রকাশের পর ইরানের বিচার বিভাগ সংগীতশিল্পী ও তাঁর দলের বিরুদ্ধে 'অবৈধ কনসার্ট' আয়োজনের অভিযোগে মামলা দায়ের করে।আদালতের রায়: চলতি বছরের জুনে কোমের একটি ফৌজদারি আদালত পরস্তু আহমাদি এবং তাঁর প্রোডাকশন দলের আরও আট সদস্যকে "অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের মাধ্যমে জনসমক্ষে শালীনতা লঙ্ঘনের" দায়ে দোষী সাব্যস্ত করেন। আদালত প্রত্যেককে ৭৪ বার বেত্রাঘাতের পাশাপাশি দুই বছরের জন্য দেশত্যাগ এবং যেকোনো ধরনের সংগীত ও অডিও-ভিজ্যুয়াল কর্মকাণ্ডে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
দণ্ডিতদের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও গত সেপ্টেম্বরের শেষ দিকে কোমের আপিল আদালত কোনো শুনানি ছাড়াই তা খারিজ করে দেন এবং নিম্ন আদালতের রায় বহাল রাখেন। সোমবার কোমের প্রসিকিউটর অফিসের সাজা কার্যকরকারী শাখায় পরস্তু আহমাদির পাশাপাশি কনসার্টের আয়োজক মহসেন লশকারি এবং সংগীতশিল্পী সোহেল ফাকিহ-নাসিরি, আমিন তাহেরি ও আমির-আলি পিরনিয়াকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়। তবে মামলায় দণ্ডিত বাকি চারজনের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। আসামিপক্ষের আইনজীবীরাও জানিয়েছেন, তাঁরা রায় বাতিল বা অন্তত সাজা স্থগিত করার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বেত্রাঘাত কার্যকর করার বিষয়ে অনড় ছিল। আইনজীবীদের মতে, গান গাওয়া বা কনসার্ট আয়োজন কোনোভাবেই অশ্লীলতা হতে পারে না এবং এ মামলায় অর্থদণ্ডের মতো লঘু শাস্তির সুযোগ থাকা সত্ত্বেও সর্বোচ্চ কঠোর সাজা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং 'সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান' (CHRI) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাগুলোর মতে, বেত্রাঘাতের মতো শাস্তি অত্যন্ত নিষ্ঠুর, অমানবিক এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সরাসরি নির্যাতনের শামিল। নির্বাসিত প্রখ্যাত ইরানি সংগীতশিল্পী গুগুশসহ আরও অনেক শিল্পী ও মানবাধিকার কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্তু আহমাদির সাহসিকতার প্রশংসা করে তাঁর প্রতি সংহতি জানিয়েছেন। উল্লেখ্য, ২০২২ সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর থেকে ইরানে বাধ্যতামূলক হিজাব আইনের বিরুদ্ধে নারীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর আগে ২০২৫ সালের মার্চ মাসে নারীদের হিজাব খোলার আহ্বান জানিয়ে গান গাওয়ায় আরেক ইরানি সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকেও একইভাবে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছিল।




