নিউজ ডেস্ক: দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর বাংলাদেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দেশে ফেরার জন্য ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসকেই বেছে নিয়েছেন তিনি। মঙ্গলবার নিজের মুখপাত্রের মাধ্যমে এই ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। শুধু দেশে ফেরার ইচ্ছাপ্রকাশই নয়, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থা করতেও সে দেশের সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। তবে হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে বলে ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার।
১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে জয়ের স্মরণে প্রতি বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করে বাংলাদেশ। সেই বিশেষ দিনেই দেশে ফেরার পরিকল্পনা করেছেন হাসিনা। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই হাসিনা দেশ ছেড়েছিলেন। তাই এ বারও বাংলাদেশের সরকারকে তাঁর ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন তিনি।
হাসিনার মুখপাত্রের কথায়, ‘যে পরিস্থিতিতে তাঁকে সংবিধানবিরোধী ভাবে দেশছাড়া করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে ফেরার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।’
২০২৪ সালের অগস্টে ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতেই রয়েছেন হাসিনা। তাঁর ১৫ বছরের শাসনের অবসান ঘটেছিল সেই আন্দোলনের জেরে। পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁর দল আওয়ামি লিগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করে। বর্তমানে তারিক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে।
হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনায় অবশ্য আপত্তি রয়েছে ঢাকার। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আগেই জানিয়েছেন, দেশে ফিরলে হাসিনাকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে এবং আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, ‘আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তিকে সম্মান জানিয়ে একজন দণ্ডিত আসামিকে বাংলাদেশের হাতে তুলে দিক।’ হাসিনাকে তাঁর সাজা ও আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল। ওই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে প্রাণহানির ঘটনা ঘটেছিল। রাষ্ট্রপুঞ্জের হিসাব অনুযায়ী, সেই অশান্তিতে প্রায় ১,৪০০ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং আদালতের রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন হাসিনা।
এ মাসের গোড়ায় নতুন পাসপোর্ট ও অন্যান্য পরিচয়পত্র পাওয়ার জন্যও আবেদন করেছিলেন হাসিনা। দেশ ছাড়ার পর তাঁর পুরনো নথি বাতিল করা হয়েছিল। তবে বাংলাদেশের বর্তমান সরকার সেই আবেদন খারিজ করে দিয়েছে। এ বার নির্দিষ্ট দিন ঘোষণা করে দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করায় ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কেও নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের অবস্থানও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তরফে তাঁকে প্রত্যর্পণের যে আবেদন জানানো হয়েছে, তা বিবেচনাধীন বলে আগেই জানিয়েছে নয়াদিল্লি। তবে তাঁকে দেশে ফেরানোর জন্য বিমান পাঠানো নিয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন সে দেশের বিদেশ প্রতিমন্ত্রী। ফলে ১৬ ডিসেম্বর হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।




