স্পোর্টস ডেস্ক: কলকাতা ডার্বির টিকিটের চড়া দাম নিয়ে সমর্থকদের ক্ষোভের মুখে শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব। আগামী ২৯ নভেম্বর মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মহারণের আগে কমিয়ে দেওয়া হল টিকিটের দাম। শুধু তাই নয়, যাঁরা ইতিমধ্যেই পুরনো নির্ধারিত মূল্যে টিকিট কেটে ফেলেছেন, তাঁদের অতিরিক্ত টাকাও ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের হস্তক্ষেপেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
আইএসএলের আসন্ন কলকাতা ডার্বি ইস্টবেঙ্গলের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু হতেই বিভিন্ন বিভাগের টিকিটের দাম নিয়ে অসন্তোষ ছড়ায় সমর্থকদের মধ্যে। অনলাইনে প্রকাশিত পুরনো মূল্যতালিকায় সর্বনিম্ন টিকিটের দাম ছিল ৩০০ টাকা। এরপর ৪০০, ৪৯৯, ৬০০, ৭৫০, ১০০০ এবং সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত টিকিটের দাম রাখা হয়েছিল।
বিশেষ করে সাধারণ ফুটবলপ্রেমী ও কলেজ পড়ুয়াদের পক্ষে এত টাকা দিয়ে মাঠে বসে খেলা দেখা কঠিন বলে দাবি ওঠে। সমাজমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেন বহু সমর্থক। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে টিকিটের দাম পুনর্বিবেচনার আবেদন জানান তিনি। তাঁর বক্তব্য, মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলের সমর্থক এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই টিকিটের মূল্য কমানো প্রয়োজন।
ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, টিকিটের দাম নিয়ে প্রচুর অভিযোগ আসছিল। সেই কারণেই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে বৈঠক করা হয়। এরপরই নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, টিকিটের দাম হবে ২০০, ৩০০, ৪০০, ৫০০ এবং ৫৫০ টাকা। ক্লাব সদস্যদের জন্য থাকছে বিশেষ ছাড়। ৩০০ টাকার টিকিট তাঁরা মাত্র ১৫০ টাকায় কিনতে পারবেন। যাঁরা আগের বেশি দামে টিকিট কেটেছেন, তাঁদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হবে।
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। লিগ তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে মোহনবাগান, অন্যদিকে সাত নম্বরে ইস্টবেঙ্গল। মাঠের লড়াইয়ের আগে টিকিটের দাম কমানোর সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে সমর্থকদের মধ্যে। এবার গ্যালারি কতটা ভরিয়ে তুলতে পারেন দুই দলের সমর্থকরা, সেটাই দেখার।




