স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সে ব্যাট হাতে যে ঝড় তুলেছে বৈভব সূর্যবংশী, তা দেখে বিস্মিত সতীর্থরাও। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর বৈভবের প্রশংসায় পঞ্চমুখ ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মা। ২৮ বলে শতরান থেকে মাত্র ৫২ বলে দ্বিশতরান, গোটা ইনিংসটাই যে অবিশ্বাস্য ছিল, তা স্বীকার করেছেন তিনি।
ম্যাচের পর তিলক বলেন, ‘দেখতে অসাধারণ একটা ইনিংস ছিল। ২৮ বলে শতরান! আমরা সবাই জানতাম ও কোনও না কোনও দিন রেকর্ড ভাঙবে। কিন্তু এই ম্যাচেই যে এমন কিছু করে ফেলবে, তা ভাবিনি। ২৮ বলে শতরান থেকে দ্বিশতরান, পুরো ব্যাপারটাই দেখার মতো ছিল।’
বৈভবের ব্যাটিংয়ের সময় ভারতীয় ড্রেসিংরুমের পরিবেশ কেমন ছিল, সেটাও জানিয়েছেন তিলক। তাঁর কথায়, বৈভবকে নিজের স্বাভাবিক খেলা খেলতে বলা হয়েছিল। এমনকি তাঁকে সিঙ্গল নেওয়ার জন্যও কেউ চাপ দেননি। কারণ, বৈভবের ব্যাট থেকে ছক্কা দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন সতীর্থরা। তিলক বলেন, ‘আমরা ওকে কিছু বলি না। ওকে শুধু বলি, নিজের খেলাটা খেল। ওর চার হলে আমরা তেমন উচ্ছ্বাস দেখাচ্ছিলাম না। ছক্কা হলে জিজ্ঞাসা করছিলাম, বলটা কত দূরে গেল! ভাবুন, ৩০টা ছক্কা! ১৮০ রান তো সেখান থেকেই হয়ে গেল।’
পাকিস্তান ‘এ’-র বিরুদ্ধে হারের পর নিজের মন্তব্য নিয়েও ব্যাখ্যা দিয়েছেন তিলক। সেই ম্যাচে ১৪৯ বলে ১০০ রান করেও দলকে জেতাতে পারেননি তিনি। তাঁর বক্তব্য, নিয়মিত উইকেট পড়ায় এবং পিচের চরিত্র বদলে যাওয়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা সম্ভব হয়নি।
তিলকের কথায়, ‘আমি সব সময় বলি, আমি ক্রিকেটারদের অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে শুরুতেই বৈভব আউট হয়ে যায়। তার পর অভিষেকের সঙ্গে জুটি হয়েছিল। কিন্তু নিয়মিত উইকেট পড়তে থাকে। দ্রুত ছ'টি উইকেট চলে যাওয়ার পর পরিস্থিতি বদলে গিয়েছিল। আমিও প্রথম বল থেকে মারতে পারতাম, কিন্তু তখন পিচ কঠিন হয়ে উঠছিল।’
শাহবাজ আহমেদের ৫৬ রানের ইনিংসেরও প্রশংসা করেছেন তিলক। তাঁর মতে, ওই ইনিংস তাঁকে মুগ্ধ করেছে। পাশাপাশি সতীর্থদের আশ্বস্ত করে জানিয়েছেন, একটি হার দিয়ে গোটা দলকে বিচার করা উচিত নয়।




