নিউজ ডেস্ক: নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কেজি গাঁজা-সহ গ্রেফতার হলেন এক ভারতীয় নাগরিক। ধৃতের নাম আবদুল নওশাদ (২৯)। তিনি কেরলের বাসিন্দা। বুধবার নেপাল পুলিশের তরফে এই গ্রেফতারির কথা জানানো হয়েছে। একই বিমানবন্দরে পৃথক একটি ঘটনায় সোনা পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন দুই চিনা মহিলা। তাঁদের কাছ থেকেও বিপুল পরিমাণ তরল সোনা উদ্ধার হয়েছে।
নেপাল পুলিশের বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার থাইল্যান্ড থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর হয়ে কাঠমান্ডুতে পৌঁছেছিলেন নওশাদ। বিমানবন্দরে তাঁর লাগেজ পরীক্ষা করার সময় নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে ৪.৮ কেজি গাঁজা উদ্ধার হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজা থাইল্যান্ডে তৈরি। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়। কী উদ্দেশ্যে ওই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে তিনি নেপালে এসেছিলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
অন্য দিকে, একই বিমানবন্দরে সোনা পাচারের অভিযোগে দুই চিনা মহিলাকে গ্রেফতার করেছে নিরাপত্তারক্ষীরা। তাঁদের কাছ থেকে ২.২৫ কেজি তরল সোনা উদ্ধার হয়েছে। কী ভাবে ওই সোনা তাঁরা পাচারের চেষ্টা করছিলেন, তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
একই দিনে বিমানবন্দরে মাদক ও সোনা পাচারের দুই পৃথক ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দুই ঘটনার তদন্ত চলছে।




