নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন অব্যাহত থাকলেও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র মঞ্চে সহযোগিতা বজায় রাখতে চাইছে পাকিস্তান। আগামী বছরের শুরুতে নিজেদের সভাপতিত্বে এসসিও-র সংস্কৃতিমন্ত্রীদের বৈঠক আয়োজন করতে চলেছে ইসলামাবাদ। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য ভারতকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে চলেছে তারা। তবে পাকিস্তানের এই আমন্ত্রণে নয়াদিল্লি কী প্রতিক্রিয়া জানায়, এখন সেদিকেই নজর কূটনৈতিক মহলের।
সম্প্রতি নয়াদিল্লিতে এসসিও-র প্রথম সভ্যতাগত সংলাপ বা সিভিলাইজেশনাল ডায়ালগে অংশ নিয়েছিল পাকিস্তান। তার পরেই ভারতের উদ্দেশে এই আমন্ত্রণ জানানোর প্রস্তুতি শুরু করেছে ইসলামাবাদ। উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। সেই হামলার পর পাকিস্তানে ভারতের কোনও মন্ত্রীর সফর হয়নি। ফলে সংস্কৃতিমন্ত্রীদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব কে করবেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
২০২৭ সালের অগস্টে ইসলামাবাদে এসসিও-র রাষ্ট্রপ্রধানদের শীর্ষ বৈঠক হওয়ার কথা। প্রথমে পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ অগস্ট ওই বৈঠক আয়োজনের কথা ভাবা হলেও, শেষ পর্যন্ত অগস্টের শেষ দিকে তা হওয়ার সম্ভাবনাই বেশি। ওই সম্মেলনে সাধারণত ভারতের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বর্তমান পরিস্থিতিতে তাঁর ইসলামাবাদ সফরের সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে করছেন ভারতীয় কূটনৈতিক মহলের একাংশ।
পহেলগাঁও হামলার পর পাকিস্তানে ভারতের তরফে উল্লেখযোগ্য উচ্চপর্যায়ের সফর হয়েছিল গত সেপ্টেম্বরে। বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অলোক ডিমরি এসসিও-র জাতীয় সমন্বয়কারীদের বৈঠকে যোগ দিতে ইসলামাবাদ গিয়েছিলেন। পাকিস্তান এসসিও-র সভাপতিত্ব গ্রহণ করার পর আগামী দিনের বৈঠক ও কর্মসূচির ক্যালেন্ডার চূড়ান্ত করতেই ওই সফর হয়েছিল।
সংস্কৃতিমন্ত্রীদের বৈঠকের পর এসসিও-র প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রীদের বৈঠকও আয়োজন করবে পাকিস্তান। তবে ভারতের কাছে সংস্কৃতিমন্ত্রীদের বৈঠক তুলনায় কম রাজনৈতিক গুরুত্বের। কারণ, সেখানে রাজনৈতিক বা প্রতিরক্ষা সংক্রান্ত স্পর্শকাতর বিষয় ওঠার সম্ভাবনা কম। ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনও বড় রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়াই বহুপাক্ষিক মঞ্চে অংশগ্রহণের সুযোগ রয়েছে ভারতের সামনে।
গত সপ্তাহে নয়াদিল্লিতে এসসিও-র সভ্যতাগত সংলাপে পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মালিকের উপস্থিতি নিয়েও দেশের বিরোধী দলগুলি কেন্দ্রের সমালোচনা করেছিল। তার জবাবে ভারত স্পষ্ট করেছে, এসসিও-র মঞ্চে সহযোগিতা বজায় রাখার অর্থ পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হয়ে যাওয়া নয়। পহেলগাঁও হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তেও কোনও পরিবর্তন হয়নি বলে জানিয়েছে নয়াদিল্লি।
ভারতের অবস্থান, সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের অবস্থানে মৌলিক পরিবর্তন না এলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রশ্ন নেই। তবে এসসিও-র মতো বহুপাক্ষিক মঞ্চে ভারতের সক্রিয় অংশগ্রহণ বজায় রাখতে প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ২০২৪ সালে কাজাখস্তানে এসসিও-র রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে মোদির পরিবর্তে জয়শঙ্করের উপস্থিতির নজির রয়েছে।




