নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং আধুনিক প্রযুক্তি আগামী দিনে গোটা বিশ্বকে এক সম্পূর্ণ নতুন এবং অচেনা চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে চলেছে। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত অষ্টম কলম্বো সিকিউরিটি কনক্লেভ (CSC)-এ বক্তব্য রাখার সময় এমনই কড়া সতর্কবার্তা দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল। ভবিষ্যতের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং প্রযুক্তির যৌথ ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।
‘সংঘাত ও সহযোগিতার নতুন সীমানা’ তৈরি করছে AI এই ছিল তার বক্তব্যের শুরুতেই। ভবিষ্যতের অদেখা বিপদগুলির দিকে ইঙ্গিত করেন ডোভাল। তিনি স্পষ্ট ভাষায় জানান, প্রথাগত নিরাপত্তা সংকটের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব রাজনীতি ও নিরাপত্তার সমীকরণ পুরোপুরি বদলে দিচ্ছে। তিনি বলেন, “আসুন আমরা ভবিষ্যতের দিকে তাকাই। গতকালের চ্যালেঞ্জগুলির পাশাপাশি আগামী দিনের চ্যালেঞ্জগুলি এখনও আসা বাকি। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি গোটা বিশ্বকে এক সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জের ক্ষেত্রে পরিণত করতে চলেছে—যেখানে তৈরি হবে সংঘাত এবং সহযোগিতার নতুন সীমানা।” ডোভাল মনে করেন, এককভাবে কোনো দেশের পক্ষে এই বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। তাই ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলিকে নিজেদের সেরা প্রযুক্তি এবং বাস্তব অভিজ্ঞতা একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এছড়াও সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, “প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা, সেরা পদ্ধতিগুলির আদান-প্রদান এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমেই আমরা আরও বহু বৈচিত্র্যময় ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে সক্ষম হব। এই প্রেক্ষাপটে, আগের যেকোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি জরুরি হলো সিএসসি-র (CSC) মূল আদর্শের প্রতি অবিচল থাকা এবং আমাদের সামনের এই চ্যালেঞ্জগুলি মোকাবিলায় যৌথ প্রচেষ্টা আরও জোরদার করা।”
‘নেবারহুড ফার্স্ট’ ও ‘মহাসাগর’ ভিশনের মেলবন্ধন অর্থাৎ ভারত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা, সাইবার সুরক্ষা, সন্ত্রাসবাদ দমন এবং মাদক পাচারের মতো গুরুতর সমস্যাগুলি রুখতে ভারতের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন ডোভাল। আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে কলম্বো সিকিউরিটি কনক্লেভের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ভারতের কাছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ হলো আমাদের ‘নেবারহুড ফার্স্ট’ বা প্রথম প্রতিবেশী দৃষ্টিভঙ্গি এবং ‘মহাসাগর’ ভিশনের এক মিলনস্থল—যার অর্থ হলো বিভিন্ন অঞ্চল জুড়ে নিরাপত্তা ও উন্নয়নের জন্য পারস্পরিক এবং সামগ্রিক অগ্রগতি।” তিনি আরও যোগ করে বলেন, “ক্রমবর্ধমান গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জগুলি মোকাবিলায় আমাদের সম্মিলিত সক্ষমতা বৃদ্ধির জন্য সিএসসি-ভুক্ত দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি আত্মবিশ্বাসী যে আজকের আমাদের এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং সুদূরপ্রসারী হবে।”
২০২০ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের মূল লক্ষ্য স্মরণ করিয়ে দিয়ে ডোভাল জানান, “২০২০ সালের নভেম্বরে কলম্বো সিকিউরিটি কনক্লেভ গঠনের মূল ভিত্তি ছিল ভারত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষা, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য আমাদের সম্মিলিত দৃষ্টিভঙ্গি। আসুন, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এমন এক ঐতিহ্য ও পরম্পরা রেখে যাই, যা এই সমুদ্রের মাধ্যমে তাদের বিভক্ত করবে না, বরং একসূত্রে বেঁধে রাখবে।”
কূটনৈতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, অজিত ডোভালের এই বক্তব্য কেবল একটি আনুষ্ঠানিক ভাষণ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশ। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, বাংলাদেশ এবং সেশেলসকে নিয়ে গঠিত এই মঞ্চ আগামী দিনে সাইবার ও প্রযুক্তিগত নিরাপত্তা রক্ষায় কতটা কার্যকর ভূমিকা নেয়, এখন সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।




