নিউজ ডেস্ক: ১৫ বছর বয়সে ৫৩ বলে ২০৪ রান! বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, মুগ্ধ প্রাক্তন ক্রিকেটাররাও। তবে তাঁকে পরবর্তী শচীন তেন্ডুলকর, ব্রায়ান লারা কিংবা বিরাট কোহলি হিসাবে দেখতে নারাজ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অতুল ওয়াসন। তাঁর মতে, বৈভবের পরিচয় অন্য কারও উত্তরসূরি হিসাবে নয়, বরং প্রথম বৈভব সূর্যবংশী হিসাবেই তৈরি হওয়া উচিত। তরুণ ক্রিকেটারের বিধ্বংসী ইনিংসকে তিনি ক্রিকেটের বিবর্তন বলেও ব্যাখ্যা করেছেন।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অতুল বলেন, “আপনি বলতে পারেন, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি ছিল। কিন্তু এটা তো আন্তর্জাতিক ম্যাচ। আমার মনে হয়, ক্রিকেটারদের এত দিন যেভাবে তৈরি করা হয়েছে, সেই ঐতিহ্যকে সম্মান করার যে প্রচলিত ধারণা, বৈভবের মধ্যে তার কোনও বালাই নেই। ১৫ বছর বয়সে যেখানে ছেলেরা বাড়ির কাজ নিয়ে চিন্তা করে, সেখানে এই ছেলে পরিসংখ্যানবিদদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। আমরা ওর এই কীর্তি উপভোগ করছি। ওকে নিয়ে উৎসব করছি। এটাই ক্রিকেটের বিবর্তন।”
শুধু তাই নয়, বৈভবকে নিয়ে ভবিষ্যতে প্রত্যাশার চাপ তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন অতুল। তাঁর কথায়, “আমরা যখন প্রশ্ন করতাম, পরবর্তী শচীন কে হবে, পরবর্তী লারা বা বিরাট কোহলি কে হবে, তখন আসলে ভুল প্রশ্ন করতাম। আমাদের জিজ্ঞাসা করা উচিত ছিল, ও কি প্রথম বৈভব সূর্যবংশী হতে পারবে? আমার মনে হয়, ও সেটা প্রমাণ করেছে। তবে এখন আমার একটাই চিন্তা, ও এর পর কোথায় যাবে! কারণ, মানুষ ওর কাছ থেকে এমন অলৌকিক ইনিংসই প্রত্যাশা করবে। বিবর্তনেরও একটা গতি রয়েছে, তারও সীমা আছে।” অতুলের বিশ্বাস, বৈভবের ব্যাটিং নতুন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। তাঁর মতে, আগামী দিনে ১৩-১৪ বছরের ছেলেরাও বৈভবকে দেখে এ ভাবে ব্যাট করার স্বপ্ন দেখবে।
মঙ্গলবার দোহায় এসিসি রাইজিং স্টার্স এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারত এ-র হয়ে খেলতে নেমে ৫৩ বলে ২০৪ রান করে বৈভব। ইনিংসে ছিল সাতটি চার ও ২৮টি ছক্কা। মাত্র ২৮ বলে শতরান এবং ৫২ বলে দ্বিশতরান পূর্ণ করে লিস্ট এ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়ে সে। তার বিধ্বংসী ইনিংসে ভর করে মাত্র ১৪.২ ওভারে ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত এ।




