স্পোর্টস ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সুপার লিগে ওঠার লড়াইয়ে নিজেদের আশা বাঁচিয়ে রাখল বাংলা। গ্রুপের ষষ্ঠ ম্যাচে উত্তরপ্রদেশকে ৯৩ রানে হারাল লক্ষ্মীরতন শুক্লের দল। বৃষ্টির কারণে ২০ ওভারের বদলে ম্যাচ হয় ১৫ ওভারের। সেই সংক্ষিপ্ত ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন অভিষেক পোড়েল ও করণ লাল। দু’জনের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে তিন উইকেটে ২০১ রান তোলে বাংলা।
উত্তরপ্রদেশের বোলিং আক্রমণে ছিলেন ভুবনেশ্বর কুমার, শিবম মাভি, যশ দয়াল ও কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ বোলার। তাঁদের বিরুদ্ধে বড় রান তোলা সহজ ছিল না। কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক। ওপেন করতে নেমে সুদীপ ঘরামি মাত্র এক রান করে ফিরে গেলেও অপর প্রান্তে ঝড় তোলেন অভিষেক। ভুবনেশ্বরকে নিশানা করে মাত্র ৩৯ বলে ৬৯ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা।
অভিমন্যু ঈশ্বরণ ১৯ রান করে আউট হন। অভিষেকের সঙ্গে জুটি বেঁধে রান এগিয়ে নিয়ে যান করণ লাল। অভিষেক ফিরে যাওয়ার পর ইনিংসের শেষ দিকে আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। মাত্র ২৯ বলে ৮২ রানে অপরাজিত থাকেন করণ। মারেন পাঁচটি চার ও আটটি ছক্কা। ঋষভ চৌধুরী ১৮ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ১৫ ওভারে তিন উইকেট হারিয়ে ২০১ রান তোলে বাংলা।
উত্তরপ্রদেশের অভিজ্ঞ বোলারদের মধ্যে সবচেয়ে বেশি মার খান ভুবনেশ্বর। তিন ওভারে ৫৫ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। কুলদীপ যাদবও তিন ওভারে ৪১ রান দেন। একটি উইকেট পেলেও রান আটকাতে পারেননি।
২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় উত্তরপ্রদেশ। দ্রুত উইকেট হারাতে থাকে তারা। অধিনায়ক কর্ণ শর্মা ২৭ এবং শেষ দিকে ভুবনেশ্বর কুমার ২৫ রান করেন। বাকিরা কেউই উল্লেখযোগ্য রান পাননি। ১৫ ওভারে সাত উইকেট হারিয়ে ১০৮ রানেই থামে উত্তরপ্রদেশের ইনিংস। বাংলার হয়ে প্রদীপ্ত প্রামাণিক ১৫ রান দিয়ে তিনটি এবং অখিলেশ যাদব ২৭ রান দিয়ে দু’টি উইকেট নেন। মহম্মদ শামি তিন ওভারে ২৩ রান দিলেও কোনও উইকেট পাননি।
এই জয়ের ফলে এলিট গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলা। ছ’টি ম্যাচে তাদের পয়েন্ট ১৬। একই পয়েন্ট রয়েছে বরোদা ও রাজস্থানেরও, যদিও তারা একটি করে ম্যাচ কম খেলেছে। বাংলার শেষ ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। সেই ম্যাচ জিততে পারলে সুপার লিগে ওঠার সুযোগ থাকবে লক্ষ্মীর দলের। ফলে শেষ ম্যাচের আগে লড়াই জমে উঠেছে।




