নিউজ ডেস্ক: রাজ্যের স্কুলগুলির জমিতে অমৃত সরোবর তৈরির উদ্যোগ ঘিরে তৎপরতা শুরু করল শিক্ষা দফতর। এই উদ্যোগকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরের জেলা স্কুলশিক্ষা দফতরের তরফে জারি হয়েছে নির্দেশিকা। পুকুর-সহ এক একরের বেশি জমি রয়েছে, এমন স্কুলগুলিকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে আবেদন জানাতে বলা হয়েছে। স্কুলের জমি ব্যবহার এবং প্রকল্পের কাজের ক্ষেত্রে নির্দিষ্ট বিধি মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে।
কী এই অমৃত সরোবর প্রকল্প? ২০২২ সালে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করে। দেশের প্রতিটি জেলায় অন্তত ৭৫টি নতুন জলাশয় তৈরি অথবা পুরনো জলাশয় সংস্কারের লক্ষ্য নেওয়া হয়েছিল। মূলত জল সংরক্ষণ, বৃষ্টির জল ধরে রাখা, ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি জলাশয়ের চারপাশে বৃক্ষরোপণ ও মাছ চাষের উপরেও গুরুত্ব দেওয়া হয়। এবার পূর্ব মেদিনীপুরের যে সব স্কুলে ১ একরের বেশি জায়গা রয়েছে সেই সব স্কুলগুলিকে অমৃত সরোবর প্রকল্পের জন্য উদ্যোগী হওয়ার নির্দেশ দেওয়া হল।
পূর্ব মেদিনীপুর জেলা স্কুলশিক্ষা দফতরের এই নির্দেশিকা অনুযায়ী, মূলত গ্রাম পঞ্চায়েত এলাকার স্কুলগুলিকে প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের জমি ও জলাশয়কে কাজে লাগানোর পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য। আগামী দিনে রাজ্যের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ সম্প্রসারিত হয় কি না, এখন সেদিকেই নজর। পাশাপাশি স্কুলে নতুন ক্লাসরুম, আলোচনাকক্ষ, পাঁচিল, সাইকেল রাখার জায়গা, রান্নাঘর বা শৌচাগারের প্রয়োজন রয়েছে কি না, সেটাও জানাতে হবে। আবেদন পাওয়ার পর সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মূলত গ্রাম পঞ্চায়েত এলাকার স্কুলগুলিই এই প্রকল্পের সুবিধা বেশি পাবে।




