কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যের গাড়ির মালিকদের জন্য বড়সড় স্বস্তির ঘোষণা করল পরিবহণ দফতর। দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে থাকা গাড়ির কর মেটালে জরিমানার সম্পূর্ণ অর্থই মকুব করা হবে। ব্যক্তিগত গাড়ি থেকে বাণিজ্যিক যানবাহন, সব ধরনের গাড়ির মালিকরাই এই সুবিধা পাবেন। সোমবার থেকেই চালু হয়েছে ‘এককালীন ছাড় প্রকল্প ২০২৬-২৭’। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে। এই প্রকল্পের মাধ্যমে গাড়ির মালিকরা বকেয়া রোড ট্যাক্সের উপর জমে থাকা জরিমানায় ১০০ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি গাড়ির মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সার্টিফিকেট রিনিউ করার ক্ষেত্রেও অতিরিক্ত ফি-তে বিশেষ ছাড় পাওয়া যাবে।
পরিবহণ দফতর সূত্রে খবর, নির্ধারিত সময়ে গাড়ির কর জমা না পড়লে প্রথমে ১৫ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়। তার পর বকেয়ার উপর পর্যায়ক্রমে জরিমানা ধার্য হয়। ৭৫ দিন পেরিয়ে গেলে মূল করের সমপরিমাণ জরিমানাও দিতে হতে পারে। নতুন প্রকল্পে সেই জরিমানার পুরো টাকাই মকুব করা হচ্ছে। পাশাপাশি, ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যাওয়া গাড়ির ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। ৩০ দিনের কম বিলম্ব হলে প্রতিদিন ৫০ টাকা অতিরিক্ত ফি দিতে হবে। আর ৩০ দিন বা তার বেশি সময় পেরিয়ে গেলে এককালীন ১,৫০০ টাকা জমা দিয়ে ফিটনেস সার্টিফিকেট নবীকরণের সুযোগ মিলবে। তবে এই সুবিধা পেতে ৩১ ডিসেম্বরের মধ্যেই নবীকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
পরিবহণ দফতরের দাবি, রাজ্যে বিপুল পরিমাণ গাড়ির কর বকেয়া রয়েছে। সরকারের আশা, এই বিশেষ প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন গাড়ির মালিকদের আর্থিক বোঝা কমবে, অন্যদিকে রাজস্ব আদায়ও বাড়বে। অনলাইনে ছাড়ের সুবিধা কার্যকর করতে সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত আরটিও এবং এআরটিও অফিসকেও এই প্রকল্প কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে টাকা জমা দিতে সমস্যা হলে সংশ্লিষ্ট এআরটিও অফিসে যোগাযোগ করতে পারবেন গাড়ির মালিকরা।
তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বারবার এ ধরনের ছাড়ের প্রকল্প চালু হওয়া নিয়ে সতর্ক করেছেন পরিবহণ সংগঠনের প্রতিনিধিদের একাংশ। তাঁদের বক্তব্য, গাড়ির কর ও ফিটনেস সংক্রান্ত নথি সময়মতো নবীকরণ করা মালিকদের কর্তব্য। ছাড়ের আশায় যাতে ভবিষ্যতে কেউ কর জমা দেওয়া বন্ধ না করেন, সেদিকেও নজর রাখা জরুরি।




