কলকাতা: বিদ্যুৎ গ্রাহকদের জন্য বড় সুখবর। এবার থেকে আর তিন মাস অন্তর নয়, প্রতি মাসেই আসবে বিদ্যুতের বিল। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL)-এর আওতাধীন গ্রাহকদের জন্য আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই নতুন এই নিয়ম চালু হতে চলেছে। এর ফলে একসঙ্গে তিন মাসের বিদ্যুৎ বিল মেটানোর আর্থিক চাপ থেকে অনেকটাই স্বস্তি পাবেন সাধারণ মানুষ।
বর্তমানে কলকাতার CESC এলাকায় গ্রাহকরা প্রতি মাসে বিদ্যুতের বিল পেলেও WBSEDCL-এর আওতাধীন এলাকায় তিন মাস অন্তর বিল পাঠানোর নিয়ম চালু রয়েছে। ফলে অনেক গ্রাহককেই একসঙ্গে মোটা অঙ্কের টাকা মেটাতে হয়। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলির ক্ষেত্রে এই বিল পরিশোধ করা অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন ধরেই ত্রৈমাসিক বিলিংয়ের পরিবর্তে মাসিক বিল চালুর দাবি জানিয়ে আসছিলেন গ্রাহকদের একাংশ।
সেই সমস্যার কথা মাথায় রেখেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, এবার থেকে বিদ্যুৎ দফতরের কর্মীরা প্রতি মাসে মিটার রিডিং করবেন। সেই অনুযায়ী প্রতি মাসেই গ্রাহকদের কাছে বিদ্যুতের বিল পাঠানো হবে। আগামী জানুয়ারি থেকেই এই ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, WBSEDCL এলাকায় তিন মাস অন্তর বিদ্যুতের বিল পাঠানোর ব্যবস্থা ১৯৫৫ সাল থেকে চালু রয়েছে বলে জানা গিয়েছে। ২০২১ সালে এই ব্যবস্থার পরিবর্তন করে মাসিক বিল চালুর উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এবার নতুন সরকারের আমলে সেই পুরনো ব্যবস্থায় পরিবর্তন আসতে চলেছে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (ABECA)। সংগঠনের রাজ্য সভাপতি সুব্রত বিশ্বাসের মতে, মাসিক বিল চালু হলে গ্রাহকরা আর্থিকভাবে বেশি সুবিধা পাবেন। তাঁর বক্তব্য, ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সরকারি ডিউটিতে ১০ শতাংশ ছাড়-সহ বিভিন্ন ভর্তুকির সুবিধা রয়েছে। কিন্তু তিন মাসের বিল একসঙ্গে দেওয়ার সময় সেই সুবিধার পুরো সুফল অনেক গ্রাহক পান না বলে অভিযোগ।
নতুন নিয়ম চালু হলে মাসিক ভিত্তিতে বিল মেটানোর পাশাপাশি প্রযোজ্য ছাড় ও ভর্তুকির সুবিধাও গ্রাহকদের কাছে আরও সহজে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
সব মিলিয়ে, ২০২৭ সালের জানুয়ারি থেকে WBSEDCL-এর গ্রাহকদের বিদ্যুৎ বিলের নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘ ৭১ বছরের পুরনো ত্রৈমাসিক বিলিং ব্যবস্থার অবসান ঘটিয়ে মাসিক বিল চালুর এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য কতটা স্বস্তি নিয়ে আসে, এখন সেটাই দেখার।




